দালালের দৌরাত্ম্যে প্রতারিত গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় বিদ্যুৎ বিতরণ বিভাগে দালালের দৌরাত্ম্য বেড়ে গেছে। তাদের খপ্পরে পড়ে অনেক গ্রাহক প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী গ্রাহকেরা সম্প্রতি বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, ‘দালালদের মধ্যে নছিবর মিয়া নামে একজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি যেকোনো কাজে গ্রাহকদের সরাসরি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার অনুরোধ জানান।
গ্রাহকেরা অভিযোগ করেন, নছিবর, বিকাশ, সেলিম, ডাবলু, মশিউর রহমান ও শাহিন নামে কয়েকজন দালালের কাছে তাঁরা জিমিঞ্চ হয়ে আছেন। এর মধ্যে নতুন সংযোগ দেওয়ার কথা বলে গাইবান্ধা সদর উপজেলার ধানঘড়া গ্রামের শফিকুল ইসলামের কাছ থেকে ১৪ হাজার টাকা নেন নছিবর মিয়া। শফিকুল ইসলাম বলেন, ‘সাজেদুল ইসলাম নামে এক গ্রাহকের দেওয়া জামানত প্রদানের কাগজ ঘষামাজা করে নছিবর সেখানে আমার নাম বসান। পরে জালিয়াতির ঘটনা ফাঁস হয়। এক মাস পেরিয়ে গেলেও টাকা ফেরত পাইনি।’
পলাশবাড়ি উপজেলার হরিণাবাড়ি গ্রামের সেচপাম্প মালিক সাখাওয়াত হোসন বলেন, ‘আমার সেচ পাম্পের এক লাখ ৩৫ হাজার টাকার বকেয়া বিল কমিয়ে দেওয়ার কথা বলে নছিবর ৩০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু বিল কমিয়ে দেননি। তিনি এখন ওই টাকা ফেরত দিতেও টালবাহানা করছেন।’
নছিবর মিয়া বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নেইনি। বরং বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি তুলে ধরে বিভিন্ন সময় বোর্ডের চেয়ারম্যান বরাবরে অভিযোগ করায় কয়েকজন কর্মকর্তা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’
গাইবান্ধা শহরের বানিয়ারজান এলাকার গ্রাহক মোস্তাফিজার রহমান বলেন, ‘বিল কমিয়ে দেওয়ার কথা বলে বিকাশ আমার কাছে দুই হাজার টাকা নেন। কিন্তু বিল কমানো দূরের কথা, টাকা ফেরত চাইলে সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছেন।’
সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের চালকল মালিক মতিয়ার রহমান অভিযোগ করেন, প্রতি মাসে বিদ্যুৎ বিল কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মশিউর রহমান তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন। কয়েক মাস বিল না কমায় তিনি অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন মশিউর তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। এরপর দেড় মাস ধরে তাঁকে খুঁজে পাচ্ছেন না।
তবে বিকাশ ও মশিউর বিল কমানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।