দালালের মাধ্যমে ইরাকে যাওয়ার চেষ্টা, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দালালের মাধ্যমে অবৈধভাবে ইরাকে যাওয়ার চেষ্টাকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজনকে আটক করেছে র্যাব। এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে শারজাহ হয়ে তাঁদের ইরাক যাওয়ার প্রস্তুতি ছিল। গত বুধবার দিবাগত রাতে বিমানবন্দর থেকে আটকের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের পতেঙ্গা থানায় হস্তান্তর করেছে র্যাব।
আটক পাঁচজন হলেন তুহিন ইসলাম, সজীব আহমেদ, মো. রাসেল, মো. সোহাগ ও মো. রিপন। তাঁদের সবার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। এর আগে গত ১২ অক্টোবর অবৈধভাবে লিবিয়া যাওয়ার সময় শাহ আমানত বিমানবন্দর থেকে র্যাব ৩৯ জনকে আটক করেছিল।
লিবিয়া ও ইরাকে যুদ্ধাবস্থা বিরাজ করায় নিরাপত্তার কারণে দেশ দুটিতে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া বন্ধ রয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে কয়েকজন লোক অবৈধভাবে ইরাক যাচ্ছেন—এমন তথ্য ছিল। পরে র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ বিমানযাত্রীকে আটক করেন। তাঁদের কাছে ইরাকের ভিসা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তাঁরা র্যাবকে জানান, দালালেরা তাঁদের ঢাকার ফকিরাপুলে একটি হোটেলে রাখেন। সেখান থেকে দালাল মো. রবিউল তাঁদের ভিসা ও পাসপোর্ট দেন। তাঁদের সঙ্গে দালালদের জনপ্রতি ৪ লাখ ৪০ হাজার টাকার চুক্তি হয়। ইরাক পৌঁছানোর পর স্বজনেরা দেশে দালালদের টাকা পরিশোধ করবেন—এমন কথা ছিল। তাঁরা চার দালালের নামও র্যাবকে বলেছেন।
র্যাবের সহকারী পরিচালক সোহেল মাহমুদ বলেন, আটক পাঁচজনের ভিসা একই দিনে ইস্যু করা হয়েছে। ভিসার মেয়াদ ৬০ দিন। তিনজনের ভিসার নম্বরও একই। কাতার পৌঁছানোর পর তাঁদের কাগজপত্র (ভিসা) ছিঁড়ে ফেলতে বলেছিলেন দালালেরা।
বুধবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের অভিবাসন শাখার দায়িত্বে ছিলেন পরিদর্শক মাহফুজুর রহমান। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, র্যাব যে পাঁচজন যাত্রীকে ধরেছে, তাঁদের কাগজপত্র পুলিশের কাছে সঠিক মনে হয়েছে। তাই তাঁদের পাসপোর্টে সিল মারা হয়।