দাশিয়ার ছড়া ছিটমহলে দীপ্তিমান সেনগুপ্তকে সংবর্ধনা
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় অংশের নেতা দীপ্তিমান সেনগুপ্তকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশের ছিটমহলবাসী। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাশিয়ার কালীরহাটে বাংলাদেশের অভ্যন্তরের ১১১টি ভারতীয় ছিটমহলবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি দাশিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনায় এ সময় বক্তব্য দেন ছিটমহল সমন্বয় কমিটির আইন উপদেষ্টা ও কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি আব্রাহাম লিংকন, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী উপজেলার সাহেবগঞ্জ ও গারোলঝড়া ছিটের বাসিন্দা তারা মিয়া, জাহেদুল হক প্রমুখ।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় অংশের সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত সকালে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর দিয়ে দাশিয়ার ছড়া ছিটমহলে পৌঁছালে শত শত ছিটমহলবাসী তাঁকে শুভেচ্ছা জানায়। এ সময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ‘আমি আপনাদের দেখতে এসেছি। আজ আমাদের আনন্দের দিন। দীর্ঘ বন্দী জীবন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা পেতে যাচ্ছি। এ জন্য ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি দীর্ঘদিন আন্দোলন করেছে। সেই আন্দোলন এবং বাংলাদেশ ও ভারত সরকারের আন্তরিকতায় সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে।’ তিনি এ জন্য ছিটমহলবাসীর পক্ষ থেকে দুই দেশের সরকারকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ‘৬ জুলাই থেকে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে জনগণনা শুরু হয়েছে। চলবে ১৬ জুলাই পর্যন্ত। এখানে যে আন্তরিকতা দিয়ে জনগণনা চলছে, ভারতীয় অংশেও একি অবস্থা। আশা করি দুই দেশের প্রতিনিধিদের আপনারা সহযোগিতা করবেন।’ ভারতীয় অংশের নেতা বলেন, ‘২০১১ সালে বাংলাদেশ-ভারত যৌথ জনগণনার সময় ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলে ১৪ হাজার ২১১ জন এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলে ৩৭ হাজার ৩৬৯ বাসিন্দা ছিল। শুনেছি বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলগুলো থেকে অনেক মানুষ চলে যাবে। তাদের যাত্রা শুভ হোক।’