দাশিয়ার ছড়ায় শান্তি রক্ষায় বৈঠক
ছিটমহল হস্তান্তরের এক দিন পর কুড়িগ্রামের দাশিয়ার ছড়ায় (সাবেক ছিটমহল) বাংলাদেশের পতাকা উত্তোলনের জমি নিয়ে সংঘর্ষের পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিরোধ মীমাংসায় গতকাল সোমবার দাশিয়ার ছড়ার কালিরহাট বাজারে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে দুই দফা বৈঠক হয়েছে।
এসব বৈঠকে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন মাহমুদ, সহকারী পুলিশ সুপার মাসুদ আলম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, দাশিয়ার ছড়ার সভাপতি আলতাফ হোসেন, দাশিয়ার ছড়া ছিটমহলের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা বৈঠকে দাশিয়ার ছড়ার সব অধিবাসীকে শান্ত থাকার পরামর্শ দেন। এ ছাড়া কোনো সমস্যার উদ্ভব হলে তা সবার আগে প্রশাসনকে জানানোর পরামর্শ দেওয়া হয়।
বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি দাশিয়ার ছড়ার সভাপতি আলতাফ হোসেন বলেন, ‘জমি নিয়ে বিরোধের ঘটনাটি আমরা ২-৪ দিনের মধ্যে সমাধান করতে পারব বলে আশা করছি। গতকাল সমঝোতা বৈঠক থাকলেও সিরাজ মিয়া অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেনি। তবে দুপক্ষই মীমাংসায় সম্মতি জানিয়েছে।’
আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী বলেন, বর্তমান সরকারের অক্লান্ত প্রচেষ্টায় দীর্ঘদিনের প্রত্যাশিত ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। এই আনন্দের মুহূর্তে একটি অপশক্তির ইন্ধনে এখানে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা চলছে। কোনোভাবেই তাদের সফল হতে দেওয়া হবে না।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, ‘আমরা বিবদমান দুটি পক্ষের সঙ্গেই কথা বলেছি। তারা নিজেরা নিজেদের সমস্যার সমাধান না করলে প্রশাসন বাধ্য হয়ে কঠোর ব্যবস্থা নেবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দাশিয়ার ছড়ায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।’
ইউএনও নাসির উদ্দিন বলেন, ‘আমি নিজে সারা দিন উপস্থিত থেকে ওই এলাকার সার্বিক পরিস্থিতি মনিটরিং করেছি। গত রোববারের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তারপরও আমরা প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে তারা কেউ যেন আইন হাতে তুলে না নেয়।’