দাশিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলার সাবেক ছিটমহল দাশিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের হলরুমে প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ দাবি জানান দাশিয়ারছড়ার অধিবাসীরা।
মুখ্য সচিব ছিটমহলবাসীর উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচির খোঁজখবর নেন এবং সমস্যা ও চাহিদার কথা শোনেন। পাশাপাশি তিনি ৬৮ বছরের বঞ্চনার শিকার এসব মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের সব বিভাগকে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন। এ ছাড়া রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুৎ-সংযোগ স্থাপন, স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেন।
কনফারেন্সে অংশ নেওয়া দাশিয়ারছড়ার অধিবাসী নূর নাহার বেগম ও আলতাফ হোসেন এই এলাকাকে ইউনিয়ন হিসেবে ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
পুলিশ সুপার তবারক উল্লাহ্ বলেন, বিলুপ্ত ছিটমহলবাসীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। দাশিয়ারছড়ায় স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প।
জেলা কৃষি বিভাগের উপপরিচালক শওকত আলী দাশিয়ারছড়াসহ বিলুপ্ত ১২টি ছিটমহলে কৃষি বিভাগের নেওয়া বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।