দাশিয়ারছড়াকে শেখ হাসিনা নগর করার দাবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাশিয়ারছড়া ছিটমহলকে শেখ হাসিনা নগর ও ইউনিয়ন নামকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব করা হয়। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়া আজ শনিবার জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের ১৭টি দপ্তরের কর্মকর্তা, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সভায় ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সভাপতি ময়নুল হক ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দাশিয়ারছড়ার ছিটমহলকে একটি স্বতন্ত্র ইউনিয়ন পরিষদ এবং ছিটমহলের নতুন নামকরণ শেখ হাসিনা নগর প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
ফুলবাড়ী উপজেলা সদরের অভ্যন্তরে অবস্থিত ভারতের বৃহত্তর ছিটমহল ১৫০ নম্বর ছিটমহল দাশিয়ারছড়ার জনসংখ্যা ১০ হাজার এবং আয়তন সাত বর্গকিলোমিটার।
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ছিটমহলবাসী মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টা, আন্তরিকতা ও কূটনৈতিক দূরদর্শিতার কারণে সীমান্তচুক্তি বাস্তবায়ন হয়েছে। সে কারণে তাঁর নামে ছিটমহলের নাম রাখার জন্য প্রস্তাব করা হয়েছে।