দাসত্বের সূচকে বাংলাদেশ দশম
বিশ্বজুড়ে প্রায় তিন কোটি মানুষ দাসত্বের জীবন যাপন করছে। এর বেশির ভাগই নারী ও শিশু। সংখ্যার দিক দিয়ে এমন মানুষ সবচেয়ে বেশি আছে ভারতে। আর বাংলাদেশে এমন মানুষের সংখ্যা তিন লাখ ৪৩ হাজার। বাংলাদেশের অবস্থান এ ক্ষেত্রে দশম।
দাতব্য সংস্থা ওয়াক ফ্রি ফাউন্ডেশন ১৬২টি দেশকে নিয়ে বিশ্ব দাসত্ব সূচক তৈরি করেছে। গত বৃহস্পতিবার তারা এটি প্রকাশ করে। তাদের হিসাবমতে, সারা বিশ্বে দুই কোটি ৮০ লাখ মানুষ দাসত্বের মতো মানবেতর জীবন যাপন করছে। এর মধ্যে ৭৬ শতাংশ আছে প্রায় ১০টি দেশে। এই দেশ ১০টি হলো ভারত, চীন, পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া, রাশিয়া, থাইল্যান্ড, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, মিয়ানমার ও বাংলাদেশ।
মানব পাচার, বাধ্যতামূলক শ্রম ও বিয়ে এবং এসব উদ্দেশ্যে বিক্রি হওয়া নারী ও শিশুকে আধুনিককালের দাস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গবেষক কেভিন বেলিস জানান, তাঁদের এই তালিকা জনসচেতনতা সৃষ্টি করবে এবং এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করবে বলে তাঁরা আশা করছেন।
তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি মানুষ দাসত্বের জীবন যাপন করে ভারতে। দেশটিতে এমন মানুষের সংখ্যা প্রায় এক কোটি ৪০ লাখ। এর পরই আছে চীনে প্রায় ২৯ লাখ। রয়টার্স।