দাসিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবিতে মিছিল
সাবেক ছিটমহল দাসিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবিতে স্থানীয় বাসিন্দারা গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন। এরপর তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
বেলা একটায় দাসিয়ারছড়ার মানুষ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন ও সমাবেশ করেন। এ সময় কুড়িগ্রাম-চিলমারী সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এখানে সমাবেশে বক্তব্য দেন বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, দাসিয়ারছড়ার সভাপতি আলতাফ হোসেন, দাসিয়ারছড়ার সাবেক পঞ্চায়েত সদস্য নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান ওরফে লোবান প্রমুখ। পরে তাঁরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ারছড়া ইউনিটের সাবেক সভাপতি আলতাফ হোসেন বলেন, ‘প্রায় ছয় বর্গকিলোমিটার আয়তনের দাসিয়ারছড়ার লোকসংখ্যা সাত হাজার। সংগত কারণে আমরা স্বতন্ত্র ইউনিয়ন পরিষদ দাবি করছি।’