দাসিয়ারছড়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় এবার প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দাসিয়ারছড়ার ১৯টি মসজিদে মিলাদ মাহফিল ও তিনটি মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ ছাড়া দুপুরে শোভাযাত্রা শেষে দাসিয়ারছড়া সমন্বয়টারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী। বিলুপ্ত ছিটমহল আন্দোলনের নেতা আলতাফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাষি এম এ করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার।
প্রধান অতিথি জাফর আলী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপহার দিয়েছেন বাংলাদেশ। আর তাঁর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছে ১১১টি ছিটমহলের স্বাধীনতা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এই বিলুপ্ত ছিটমহলবাসীদের ভালোবাসেন। তাইছিলমহল বিলপ্ত হওয়ার পর পরই গত বছর তিনি এ জায়গা পরিদর্শন করে জনসভা করেন। তখন দেওয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এখানে দ্রুততম সময়ে রাস্তা ও বিদ্যালয় স্থাপন করা হয়েছে। চলতি বছর বিলুপ্ত ছিটমহলগুলোর উন্নয়নে ১৮১ কোটি টাকার বরাদ্দ একনেক সভায় অনুমোদন দেওয়া হয়।
সমাবেশ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।