দাসিয়ারছড়া থেকে ভারতে গেলেন আরও ১৬ জন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার পাঁচ পরিবারের ১৬ জন সদস্য গতকাল রোববার ভারতে চলে গেছেন। ভূরুঙ্গামারী উপজেলার বাগ ভান্ডার সীমান্তের অস্থায়ী চেক পয়েন্ট দিয়ে দুই দেশের ইমিগ্রেশনের মাধ্যমে ট্র্যাভেল পাশ পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল চারটার দিকে তাঁরা ভারতে প্রবেশ করেন।
ভারতের পক্ষে বিলুপ্ত ছিটমহলবাসীকে বরণ করে নেন ভারতের কোচবিহার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইশা রানী। এ সময় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি শৈলান্দ্র কিশোর উপস্থিত ছিলেন। আর বাংলাদেশের পক্ষে ১৬ জনকে বিদায় জানান ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উদ্দিন মাহমুদ।
জন্মভূমি ও আত্মীয়স্বজনের মায়া ত্যাগ করে প্রথমে দাসিয়ারছড়া থেকে দুটি মাইক্রোবাস ও চারটি পিকআপ ভ্যানে করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাগ ভান্ডার চেক পয়েন্টে পৌঁছান ১৬ জন বাসিন্দা। এরপর তাঁরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে ভারতে ঢোকেন। এর আগে ১৯ নভেম্বর ৭২ জন ও ২৪ নভেম্বর ১৫৮ জন ভারতে যান।
ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে দাসিয়ারছড়ার কিশোর আশরাফুল (১৩) প্রথম আলোকে জানায়, তার বাবা-মা আগে থেকেই ভারতে আছেন। সে ছিল দাদা-দাদির সঙ্গে। দাদা-দাদি ভারতে যাচ্ছে, তাই তাকেও যেতে হচ্ছে। খেলার সাথিদের ছেড়ে যেতে তার খুব খারাপ লাগছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উদ্দিন মাহমুদ বলেন, শেষ দফায় দাসিয়ারছড়া ছিটের ১৬ জনসহ তিন দফায় কুড়িগ্রামের অভ্যন্তরের বিলুপ্ত ছিটমহলগুলো থেকে মোট ২৪৬ জন ভারতে গেলেন।
তবে ভারতের বিলুপ্ত ছিটমহলগুলো থেকে বাংলাদেশে একজনও আসেননি।