দাসিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অন্তর্ভুক্ত সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণা ও ভোটার তালিকায় বাদ পড়া নাগরিকদের নাম অন্তর্ভুক্তির দাবিতে সমাবেশ হয়েছে। দাসিয়ারছড়ার কালিরহাট বাজার চত্বরে গতকাল শুক্রবার বেলা ১১টায় এ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কালিরহাটের প্রবীণ ব্যক্তি শাহের আলী। বক্তব্য দেন বাংলাদেশ-ভারত বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাসিয়ারছড়ার কামালপুরের নজির হোসেন, ছোট কামাতের মাজম আলী, রাশমেলার মনির হোসেন, সমন্বয় পাড়ার আবুবকর সিদ্দিক, দোলাটারীর রফিকুল ইসলাম, বালাতাড়ির শহিদুল ইসলাম, আক্কাস আলী, দেবিরপাঠের প্রতাপ চন্দ্র বর্মণ, আবদুর রসিদ, আবুল কালাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘দাসিয়ারছড়াকে বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত করার পর সরকার আমাদের বাংলাদেশি নাগরিক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গেজেট নোটিফিকেশন করে। এরপর ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু করে। যৌথ গণনায় এখানে প্রায় আট হাজার মানুষের বসবাস হলেও ভোটার করা হয়েছে প্রায় তিন হাজার বাসিন্দাকে। দাসিয়ারছড়ার আরও প্রায় দুই হাজার লোক ভোটার হওয়ার যোগ্য হলেও তাঁদের বাদ দেওয়া হয়েছে। বাড়ির হোল্ডিং নম্বর ও গেজেটে নাম থাকার পরও অনেককে বাদ দেওয়া হয়েছে।’ এ ছাড়া তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাসিয়ারছড়াকে একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন করার দাবি জানান।