দাসিয়ারছড়াকে ইউনিয়নের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অন্তর্ভুক্ত বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াকে স্বতন্ত্র ইউনিয়ন ও বাদ পড়া নাগরিকদের ভোটার করার দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলা সদর থেকে তোলা ছবি l প্রথম আলো
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অন্তর্ভুক্ত বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াকে স্বতন্ত্র ইউনিয়ন ও বাদ পড়া নাগরিকদের ভোটার করার দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলা সদর থেকে তোলা ছবি l প্রথম আলো

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অন্তর্ভুক্ত বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াকে স্বতন্ত্র ইউনিয়ন ও সেখানকার বাদ পড়া নাগরিকদের ভোটার করার দাবিতে গতকাল রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ ছাড়া এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দাসিয়ারছড়া থেকে কয়েক শ নারী-পুরুষ গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা মিছিলটি নিয়ে দেড় কিলোমিটার পথ অতিক্রম করে ইউএনওর কার্যালয়ের দিকে আসেন। এ সময় পুলিশি বাধায় মিছিলটি উপজেলা গেটে অবস্থান নিলে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ থাকে। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে আতর আলী, মতিয়ার রহমান ও আলমগীর হোসেনের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ইউএনওর কার্যালয়ে গিয়ে তাঁকে না পেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাবের কাছে ওই স্মারকলিপি হস্তান্তর করে। পরে তাঁরা ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সমাবেশ করেন। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, শিক্ষক হামিদুল ইসলামসহ আলমগীর হোসেন, আক্কাস আলী, শরিফুল হক, ধীরেন চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা বলেন, ২০১১ সালে বাংলাদেশ-ভারত যৌথ জনগণনায় যাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই তালিকা থেকে অনেক নাগরিকের নাম বাদ দিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া নির্বাচন কার্যালয় তাঁদের তথ্য সংগ্রহ ও ছবি তোলার পরও ভোটার না করা গাফিলতি ছাড়া আর কিছুই নয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাব বলেন, বিধিমোতাবেক দাসিয়ারছড়ার ভোটার হওয়ার যোগ্য সব নাগরিককে ভোটার তালিকায় আনা হবে। সফটওয়্যার সমস্যার কারণে চূড়ান্ত ভোটার তালিকায় ত্রুটি থাকতে পারে।