দাসিয়ারছড়ায় এলেন দুর্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদিতে বসেছেন দেবী দুর্গা। চারদিকে ঢাকের বাদ্য আর উলুধ্বনি। ভেতর থেকে ভেসে আসছে ধূপের গন্ধ আর ধোঁয়া। মুখরিত চারদিক। অন্য জায়গার চেয়ে কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় এই উৎসবটা যেন মানুষের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। ৬৮ বছরের বন্দী ছিটজীবনে ঠিক কত বছর আগে পূজা হয়েছে, কারও মনে নেই। তাই স্বাধীন বাংলাদেশের এই ভূখণ্ডে এটাকেই প্রথম দুর্গোৎসব হিসেবে পালন করছেন তাঁরা।

আজ সোমবার সকালে স্বাধীন বাংলাদেশের নতুন এই এলাকা দাসিয়ারছড়ার দুটি মন্দিরে দুর্গাপূজা শুরু হয়েছে। এই এলাকার যেসব পরিবার ভারতে চলে যাবে, এ দেশে এটাই তাদের শেষ পূজা। যারা থাকবে, তাদের কাছে এটাই প্রথম দুর্গা উৎসব।

কামালপুর দেবীর পাটে ঢুকেই চোখে পড়ে টিনের চালা দিয়ে তৈরি মন্দির। সামনে কারুকাজ করা বাঁশের বেড়া। ভেতরে বসানো হয়েছে দুর্গা প্রতিমা। মন্দিরে ঢোকার পথে টুকিটাকি কাজ করছেন মো. আফছার উদ্দিন (৬০)। তিনি বলেন, ‘এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ কম। তাই হিন্দু-মুসলমান মিলেমিশেই কাজ করি। কাজের শেষে পূজার আনন্দ করি।’

কামালপুর মন্দিরের জমি দান করেছেন স্থানীয় বিপুল চন্দ্র বর্মণ। তিনি বলেন, ‘শুনেছি, এখানে অনেক আগে পূজা হয়েছে। আমরা দেখিনি। বাংলাদেশে এটাই প্রথম পূজা, তাই জমি দিয়েছি। এখন থেকে প্রতিবছর পূজা করব।’

মন্দিরের সামনে মাটিতে বসে পূজা দেখছেন কৃষ্ণকান্ত বর্মণ। ভারত যাওয়ার জন্য নাম নিবন্ধন করেছিলেন তিনি। পরে বাংলাদেশে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘হামরা আগত ছিটের মানুষ আছিলাং। এ্যালা বাংলার মানুষ। প্রথম পূজা। খুব আনন্দ করমো।’

মন্দিরের সামনে দেখা মেলে গৃহবধূ পারুল রানী (৪০), সবিতা রানী (৩০) ও সুন্দরী বালার (৩০)। তাঁদের সবার বাবার বাড়ি বাংলাদেশে। বিয়ে হয়েছিল দাসিয়ারছড়ায় ছিটে। তাঁরা জানান, বিয়ে হওয়ার পর পূজা দেখেননি। এবারই প্রথম। খুব ভালো লাগছে বলে জানান।

পূজা কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মণ ও সাধারণ সম্পাদক বাবলুচন্দ্র বর্মণ জানান, তাঁরা হিন্দু-মুসলমান মিলেই এই উৎসব পালন করছেন। প্রতিমা তৈরি করেছেন ফুলবাড়ীর মন্টু বর্মণ। আর পূজা করাবেন ধনরঞ্জন পুরোহিত।

কামালপুর থেকে ছোট কামাত মন্দিরে যাওয়ার পথটি আঁকাবাঁকা। স্থানীয় হরেকৃষ্ণ বিএসসির বাড়িতে তৈরি করা হয়েছে এই মন্দির। এখানে বেলতলায় বসে পুরোহিত কমলেন্দু ভৌমিক ঘণ্টি বাজিয়ে ও মন্ত্রপাঠ করে পূজা করছেন। মন্দিরের সামনে হরেন্দ্রচন্দ্র বর্মণ নামের এক ব্যক্তির সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘হামরা ভারতে চলি যামো। বাংলাদ্যাশোত এইটায় শ্যাষ পূজা। আনন্দের সাতে করমো।’

হরেকৃষ্ণ বিএসসির একমাত্র মেয়ে হৈমন্তী শুকলা। রংপুর কারমাইকেল কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন তিনি। ছিটের মেয়েদের মধ্যে তিনিই প্রথম স্নাতকোত্তর। দাসিয়ারছড়ায় প্রথম পূজা হচ্ছে দেখে তিনি ভীষণ আনন্দিত।

পূজা দেখতে এসেছিলেন দুই বোন মণিকা ও পূর্ণিমা। দুজনেই বাংলাদেশে লেখাপড়া করেন। তাঁরা জানান, ‘দাসিয়ারছড়ায় এটাই শ্যাষ পূজা। আরকি আসপার পারমো?’

মণিকা ও পূর্ণিমার বাবা মনমোহন বর্মণ বলেন, ‘হামরা গরিব মানুষ, জমিজমা নাই। এটে থাকি কি করমো। ভারত বড় দ্যাশ। কাজকাম বেশি। অনুদান পামো। শ্যাষবারের মতো মা’র চরণে মাথা ঠুকি। যেন ভিন দ্যাশে যায়া ভালো থাকি।’

ছিটমহল বিনিময় আন্দোলনের নেতা ও দাসিয়ারছড়া ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন জানান, দাসিয়ারছড়ায় দুটি স্থানে পূজা হচ্ছে। একটি ছোট কামাত হরেকৃষ্ণ বিএসসির বাড়িতে, আরেকটি কামালপুর দেবীর পাট বিপুল চন্দ্রের জমিতে। এখানে হিন্দু পরিবারের সংখ্যা ১৬৫। লোকসংখ্যা ৫৫০ জন। হিন্দু-মুসলমান মিলিতভাবে পূজা উদযাপন করছে।

মন্দির কমিটির সভাপতি হরেকৃষ্ণ বর্মণ বলেন, সরকারি অনুদানের জন্য পূজা হচ্ছে। এখানে হিন্দু কম। তাই মুসলমানরাও চাঁদা দিচ্ছে। ছিটে কখনো উৎসব হয় না। পূজাকে ঘিরে মানুষ মেতে উঠেছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন মাহমুদ বলেন, দাসিয়ারছড়ায় দুটি স্থানে পূজা হচ্ছে। দুই কমিটিকে আট টন করে মোট ১৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।