দাসিয়ারছড়ায় নতুন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ দেশে থেকেও তাঁরা ছিলেন পরবাসী। তাঁরা ছিলেন বাংলাদেশের বৃহত্তম বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দা। তারপরও প্রতিবছর কলাগাছ কেটে বা বাঁশ কেটে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা জানাতেন তাঁরা। এবারই প্রথম স্থায়ী শহীদ মিনারে ফুল দিলেন এ জনপদের মানুষ। তাই সেখানে ছিল প্রাণভরা উচ্ছ্বাস। 

প্রথমবারের মতো স্থায়ী শহীদ মিনারে ফুল দিতে পেরে তাঁরা খুশি।
আজ মঙ্গলবার সকালে দাসিয়ারছড়ার কালিরহাট বাজারসংলগ্ন শহীদ মিনারে ফুল দিয়ে দিবসের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ ওঁরাও। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সদর ইউপি চেয়ারম্যান হারুন অর-রশিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিলুপ্ত ছিটের সাধারণ মানুষ।
সাবেক ছিটমহল বিনিময় আন্দোলনের নেতা গোলাম মোস্তফা বলেন, ‘আগে আমাদের নির্দিষ্ট কোনো শহীদ মিনার ছিল না। এখন সবাই একসঙ্গে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানতে পারব। ফলে আমরা ভীষণ আনন্দিত।’
দাসিয়ারছড়া সমন্বয়পাড়ার বাসিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাশেদা, রিতু এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী আলপনা ও রিপন জানায়, একটি স্থায়ী শহীদ মিনারের প্রত্যাশা সব সময়ই ছিল। সরকারের কাছে ওরা কৃতজ্ঞতা জানায় একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করে দেওয়ার জন্য।
সরকারিভাবে নবনির্মিত শহীদ মিনারে ফুল দিতে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্রনাথ ওঁরাও বলেন, ‘দাসিয়ারছড়ার নতুন নাগরিকেরা যেন বাঙালি চেতনা, ইতিহাস ধারণ ও লালন করতে পারে, সে জন্যই তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী শহীদ মিনার তৈরি করে দেওয়া হয়। দাসিয়ারছড়ার আগামী প্রজন্ম বাংলা ভাষা অর্জনে আমাদের গৌরবান্বিত ইতিহাস জানতে পারবে ও তা ধারণ করতে পারবে—এটাই সরকারের প্রত্যাশা।’