নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার তিন ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ত ম আবদুল্লাহেল বাকীর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয় লোকজনের সাক্ষ্য নেন।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন নওগাঁর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম নুর রহমান ও নওগাঁ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ফজলুল করিম।
আবদুল্লাহেল বাকী বলেন, অবৈধ বিদ্যুৎ-সংযোগের কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। অবৈধ সংযোগকারী ও অবৈধ সংযোগদাতা (মিটার মালিক) এ ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনার দায় এড়াতে পারে না। মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতিও ঘটনার পরোক্ষ কারণ।
গত ২৭ আগস্ট মান্দা উপজেলার সতিহাট আদর্শ মহিলা হাফিজিয়া বহুমুখী মাদ্রাসা ও এতিমখানা (শিশু সদন) বিদ্যুতায়িত হয়ে রাবেয়া (১২), আশারিয়া মিম (১৪) ও শারমিন (১৩) নামের তিন ছাত্রীর মৃত্যু ঘটে। আহত হয় মাদ্রাসার আরও ১৯ জন শিক্ষার্থী।