ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসা অভিযোগ সুস্পষ্ট নয়—এমন দাবি করে দায় এড়াচ্ছে কমিশন। অথচ এসব অভিযোগের বেশির ভাগের ক্ষেত্রেই কমিশন তদন্ত করার ক্ষমতা প্রয়োগ করেনি।
এদিকে দ্বিতীয় ধাপের কয়েকটি অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়ে কিছু ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের কর্মকর্তাদের দাবি, দ্বিতীয় ধাপে ব্যবস্থা নেওয়ায় প্রথম ধাপের চেয়ে অনিয়ম কমেছে।
নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রথম ধাপের ভোট গ্রহণ এখনো হয়নি। তাই সময় থাকা সত্ত্বেও কমিশন এসব অভিযোগ আমলে নিয়ে কেন তদন্ত করবে না? দ্বিতীয় ধাপের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হলেও প্রথম ধাপের প্রার্থীরা কেন এ সুযোগ পাবেন না? কমিশন বলছে, বিএনপিসহ অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ সুস্পষ্ট বা আমলযোগ্য নয়। কিন্তু তদন্ত না করেই কমিশনের এ ধরনের সিদ্ধান্তে উপনীত হওয়া অনেকাংশেই দায়িত্ব এড়িয়ে যাওয়া। তদন্ত করলে প্রথম ধাপের ৬২টি ইউপিতে মাত্র একজন করে প্রার্থী থাকার ক্ষেত্রে হয়তো কোনো অনিয়মের বিষয় বেরিয়ে আসত।
অবশ্য নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে বলেই দ্বিতীয় ধাপে ব্যবস্থা নেওয়া গেছে। তবে প্রথম ধাপে অভিযোগ সুনির্দিষ্ট ও সুস্পষ্ট না থাকায় কমিশন ব্যবস্থা নিতে পারেনি।
প্রথম ধাপে ৭৩২টি ইউপির নির্বাচনে ভোট গ্রহণ হবে ২২ মার্চ। দ্বিতীয় ধাপের ৬৭২টিতে ভোট হবে ৩১ মার্চ। দুই ধাপে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে জমা হওয়া অভিযোগের তুলনায় ব্যবস্থা নেওয়ার সংখ্যা নগণ্য। বিশেষ করে প্রথম ধাপের অভিযোগগুলো বলতে গেলে আমলে নেয়নি কমিশন। কমিশনের কর্মকর্তাদের দাবি, দ্বিতীয় ধাপে কিছু ব্যবস্থা নেওয়ায় অনিয়মের সংখ্যা কমেছে। এ কারণে প্রথম ধাপে ৬২টিতে একজন করে প্রার্থী থাকলেও দ্বিতীয় ধাপে এমন ইউপির সংখ্যা নেমেছে ১৩টিতে। প্রথম ধাপে বিএনপির প্রার্থী নেই ১১৯টিতে। এবার সেই সংখ্যা ৬৩ জন।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, দ্বিতীয় ধাপে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা প্রশংসনীয়, তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যথেষ্ট নয়। প্রথম ধাপের ওই ৬২টি ইউপির বিষয়ে তদন্ত করা উচিত। কারণ, এতগুলো ইউপিতে একজন করে প্রার্থী থাকাটা অস্বাভাবিক। তদন্ত করলে অনেক অনিয়ম বেরিয়ে আসবে।
প্রথম ধাপের ক্ষেত্রে বিএনপি থেকে একাধিকবার অভিযোগ করা হয়, ৮৩টির বেশি ইউপিতে সরকারদলীয় ব্যক্তিদের বাধার কারণে তাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। অনেকের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়েছে। এ কারণে প্রথম ধাপে ১১৯টিতে বিএনপির প্রার্থী নেই।
কমিশন সচিবালয়ের একাধিক কর্মকর্তা বলেন, ১১৯টি ইউপিতে বিএনপির প্রার্থী না থাকা এবং ৬২টিতে কেবল আওয়ামী লীগের প্রার্থী থাকা অস্বাভাবিক। এ বিবেচনাতেই কমিশন এসব ইউপির নির্বাচন স্থগিত করতে পারত, যা তারা দ্বিতীয় ধাপে এসে ফেনীর ফুলগাজী ও পরশুরামে করেছে। কমিশন পরশুরামের তিনটি ইউপির নির্বাচন স্থগিত এবং ফুলগাজীর ছয়টির নির্বাচন বাতিল করেছে। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনা-২ আসনের সরকারদলীয় সাংসদ আজিজুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আর বরগুনা-২ আসনের সরকারদলীয় সাংসদ শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে কমিশনের সুপারিশে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনিও সরকারদলীয়। এ ছাড়া দ্বিতীয় পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তার দপ্তর ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা রাখার কথা ভাবা হচ্ছে। কমিশনের এসব পদক্ষেপের ফলে নির্বাচনী অনিয়ম প্রায় অর্ধেকে নেমে এসেছে।
বিএনপির সূত্র বলেছে, প্রথম ধাপে ৮৩ জন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া হয়। প্রতিকার না পেয়ে তাঁদের বিষয়টি ঢাকায় নির্বাচন কমিশনেও অভিযোগ আকারে দেওয়া হয়। কিন্তু কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউপি নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও বিএনপি অংশ নিচ্ছে। সুষ্ঠু না হওয়ার অন্যতম কারণ, নির্বাচন কমিশন দায়িত্ব পালনে অক্ষম। প্রথম দফার অনিয়মের বিষয়ে কমিশন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষমতাসীন দলের নেতারা আরও বেপরোয়া হয়েছে। কমিশন যেখানে শক্ত অবস্থানে নেই, সেখানে মাঠপর্যায়ের অবস্থা সহজেই অনুমেয়। নির্বাচনের ফল কী হবে, তা-ও সবার জানা।
অবশ্য আওয়ামী লীগের দাবি, কমিশন বরং আওয়ামী লীগের ব্যাপারে বিমাতাসুলভ আচরণ করছে। দলটির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে গিয়ে এ ব্যাপারে অভিযোগও জানিয়েছে। তাদের দাবি, কমিশন সরকারি দলের ওপর খড়্গ চালাচ্ছে। এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, বিএনপি সবকিছুতেই আওয়ামী লীগকে দোষারোপ করে। তারা প্রার্থী পাচ্ছে না, সেটা তাদের দলের খারাপ অবস্থার কারণে। বিগত পৌরসভা নির্বাচনে এবং এবার কমিশনের বেশ কিছু বিষয়ে আওয়ামী লীগের আপত্তি আছে। সেগুলো কমিশনকে জানানো হয়েছিল। কমিশন মানেনি। তিনি বলেন, সরকারে ও সংসদে না থাকায় বিএনপি বেশি সুবিধা পাচ্ছে।