ছয় ছাত্র হত্যার ঘটনায় প্রতিক্রিয়া
দায় এড়াতে পারে না রাষ্ট্র, বিচার ব্যবস্থার প্রতি অবিশ্বাস জন্মেছে
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, সাভারের বড়দেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে মারার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। এর দায়ভার রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না। গতকাল শনিবার সকালে আশুলিয়ার বাড়ইপাড়ার হোপ সেন্টারে এক মানবাধিকার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মানবাধিকার সংগঠন অধিকার এ কর্মশালার আয়োজন করে।পুলিশের তদন্তে অসন্তোষ জানিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এ ঘটনায় পুলিশের ধীরগতির তদন্ত মেনে নেওয়া যায় না। দ্রুত এর শেষ হওয়া প্রয়োজন। তিনি সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।আসকের সংবাদ সম্মেলন: বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের মনে এক ধরনের অবিশ্বাস ও অবজ্ঞা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল।গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আসকের এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এ মন্তব্য করেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে একজন বিচারক ভালো হতে পারেন। একজন প্রশাসক বা পুলিশের কেউ-ও ভালো হতে পারেন। তবে প্রাতিষ্ঠানিকভাবে পুরো বিচারব্যবস্থা কাজ করতে পারছে না। ফলে বিচারবহির্ভূত হত্যার প্রতি সমাজে গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে।সংবাদ সম্মেলনে সম্প্রতি ঢাকার উপকণ্ঠে আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা, রংপুরের বদরগঞ্জে সালিস বৈঠকে দুজন নারীকে নির্যাতনসহ এমন তিনটি ঘটনায় পুলিশ দায়িত্ব পালনে গাফিলতি করেছে বলে অভিযোগ করেছে আসক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আসকের পরিচালক মো. নূর খান, উপপরিচালক নীনা গোস্বামী, আবু ওবায়দুর রহমান প্রমুখ।