বেসরকারি প্রাইম ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা সোনালী ব্যাংকের এক খেলাপি ঋণের দায় থেকে অব্যাহতি পাননি।সূত্র জানায়, গত রোববার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় আলোচনার পর সিরাজুল ইসলাম মোল্লাকে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়নি। ব্যাংকের পর্ষদ সোনালী ব্যাংকের আইনজীবীর মতামতকে গ্রহণ করেছে। তবে বলা হয়েছে, যদি ঋণগ্রহণকারী প্রতিষ্ঠানের বাকি জামিনদাতারা ব্যাংকের কাছে তাঁদের সম্মতি দেন এবং সবাই মিলে ঋণটির পাওনা পরিশোধে উদ্যোগী হন, তবে সিরাজুল ইসলাম মোল্লাকে অব্যাহতি দেওয়া হবে। গত রোববার প্রথম আলোতে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।সিরাজুল ইসলাম মোল্লার প্রতিবাদ: এদিকে প্রাইম ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা গত ২৬ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘আদায় হয়নি খেলাপি ঋণ—দায় অব্যাহতি চান প্রাইম ব্যাংকের চেয়ারম্যান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে বক্তব্য পাঠিয়েছেন। লিখিত বক্তব্যে তিনি সাকুরা টেক্সটাইলের উদ্যোগ এবং ব্যাংক থেকে আর্থিক সুবিধার বিভিন্ন তথ্য দিয়েছেন। এতে তিনি জানিয়েছেন, ১৯৯৭ সালে জনৈক দেওয়ান সমীর সোনালী ব্যাংক থেকে প্রকল্প ঋণ নিয়ে সাকুরা টেক্সটাইল নামক শিল্পপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ২০০০ সালে সোনালী ব্যাংক প্রতিষ্ঠানটিকে দেওয়া সিসি ঋণ তিন কোটি টাকা থেকে বাড়িয়ে চার কোটি টাকা করে। বাড়তি ঋণসীমার বিপরীতে প্রয়োজনীয় জামানতের অভাব পড়লে তিনি নিজ জেলায় একটি ভালো শিল্পের বিকাশের স্বার্থে, তাঁর শাহবাগের জমিটি তৃতীয়পক্ষীয় জামানত হিসেবে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু এভিনিউ করপোরেট শাখায় সাকুরা টেক্সটাইলের পক্ষে বন্ধক রাখেন। কিন্তু ওই শিল্পপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ব্যর্থতায় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় এবং সোনালী ব্যাংক তাদের পাওনা আদায়ের জন্য তাঁর সম্পত্তিটি নিলামে ওঠায়।সিরাজুল ইসলাম আরও বলেন, তিনি ঋণসুবিধার বিপরীতে ব্যাংকের প্রাপ্য অর্থ পরিশোধের চেষ্টা নিলেও ব্যাংক অর্থঋণ আদালতে গেলে প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে পরবর্তী সময়ে আদালত মামলার রায়ে তাঁকে ‘শুধুমাত্র সিসি ঋণ খাতে ব্যাংক কর্তৃক প্রাপ্য বক্রী টাকার হারাহারি অংশের জন্য দায়ী’ করেছেন। তিনি বলেন, সাকুরা টেক্সটাইলের মালিকানায় তাঁর কোনো অংশীদারি বা ব্যবসায়িক স্বার্থ না থাকায় সোনালী ব্যাংক প্রদত্ত প্রকল্প ও অন্য আনুষঙ্গিক ঋণের দায়ভার কোনো অবস্থায় তাঁর ওপর বর্তায় না।প্রতিবেদকের বক্তব্য: সোনালী ব্যাংকের তথ্য-উপাত্ত এবং সিরাজুল ইসলাম মোল্লার বক্তব্যসহ প্রথম আলোর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উপরন্তু, ব্যাংকের পর্ষদের সিদ্ধান্তও প্রথম আলোর খবরের সত্যতা নিশ্চিত করে।