>গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনী, পুলিশ ও এলাকার সশস্ত্র লোকজন যে সুপরিকল্পিত, সমন্বিত জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে, তা নিয়ে বিশ্বজুড়ে প্রধান গণমাধ্যমগুলোয় প্রতিবেদন ও ছবি ছাপা হচ্ছে। বিশিষ্ট কলামিস্টরা ক্ষুব্ধ হয়ে কলম ধরেছেন। কার্টুনিস্টরা বিদ্রূপবাণ ছুড়ছেন। সেগুলোর কয়েকটি এখানে তুলে ধরা হলো।
মিয়ানমারের রোহিঙ্গাদের চরম দুর্দশা সত্ত্বেও অং সান সু চির দীর্ঘ নীরবতা লজ্জাকর। রাখাইন প্রদেশের নৃশংসতার কবল থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা যখন পালাচ্ছে, তখন শান্তিতে নোবেল বিজয়ীর নৈতিক পবিত্রতার ভাবমূর্তি খান খান হয়ে ভেঙে পড়ছে। মিয়ানমারের সরকার মুসলমানদের নাগরিকত্ব দিতে চায় না। তাদের দাবি, এরা বাংলাদেশের অবৈধ বাসিন্দা; যদিও তথ্যপ্রমাণ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। বহু বছরের বৈষম্যের পর পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। ২০১২ সালের পর রোহিঙ্গাদের অবস্থা শুধু খারাপ হয়েছে বা তাদের মৌলিক অধিকারবঞ্চিত করা হয়েছে তা নয়, তারা সরকারি বাহিনী ও বর্মি বৌদ্ধ জাতীয়তাবাদীদের দ্বারা তিন দফা ব্যাপক সহিংসতার সম্মুখীন হয়েছে। কিন্তু যিনি মিয়ানমারের কার্যত নেতা, তিনি এ ব্যাপারে চোখ বুজে আছেন।
লোকে তাঁকে তাগিদ দিয়েছে, মুখ খুলুন, কথা বলুন। কিছু একটা করুন। এখন পর্যন্ত সু চির কথা ও কাজ তাঁর মৌনতার মতোই জঘন্য। তাঁর সরকার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তদন্তকারী ও সাহায্য কর্মকর্তাদের সেখানে যেতে দেয়নি। সু চি ফেসবুক পাতায় ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, চলমান সহিংসতা নিয়ে এরা ‘বিপুল পরিমাণ ভুয়া তথ্য ছড়াচ্ছে, আমরা যার সামান্য পরিমাণই দেখতে পাচ্ছি’।
রোহিঙ্গাদের ইতিমধ্যে পৃথিবীর সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী হিসেবে আখ্যায়িত। লাখ লাখ রোহিঙ্গা এখন পালিয়ে এসে বাংলাদেশে অবস্থান করছে, সেখানে ভয়াবহ দুর্দশায় কাটছে তাদের দিন। এদের চরমপন্থার দিকে ঝুঁকে পড়ার বিপদের ব্যাপারে অনেকেই সতর্ক করেছেন। গত মাসে পুলিশের ওপর নতুন একটি যুদ্ধংদেহী সংগঠনের হামলার পরিণতিতে সরকারি বাহিনী একের পর এক সহিংসতা শুরু করে। কর্মকর্তারা বলছেন, এই ‘নিধন অভিযানে’ যারা মারা গেছে, তাদের মধ্যে অনেকেই বিদ্রোহী, যারা নিজেরাই রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দিয়েছে। কিন্তু অনেক প্রমাণ দিয়ে বলা যায়, এর চেয়ে অনেক বেশি মানুষ মারা গিয়েছে, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক। এক হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি জানিয়েছেন, ডুবিয়ে মারার জন্য নবজাতক শিশু ও বৃদ্ধদের পানিতে ফেলে দেওয়া হয়েছে। আবার অনেকেই বলেছেন, পুরো পরিবারকে ঘরের মধ্যে আটকে রেখে আগুনে পুড়িয়ে মারা হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মিলিত উদ্যোগের জোর চেষ্টা চালাচ্ছেন। তিনি জাতিগত নিধনের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেন (বেশ কজন নোবেলজয়ী বলেছেন, পরিস্থিতি ইতিমধ্যে ওই মাত্রা পেরিয়ে গেছে)। কিন্তু মিয়ানমার প্রকাশ্যে বলে যাচ্ছে, নিরাপত্তা পরিষদের তিরস্কার এড়াতে তারা চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে।
অং সান সু চি নির্দেশ দিয়ে এই নৃশংসতা থামাতে পারবেন না। নির্বাচনে তাঁর বিপুল বিজয় লাভ সত্ত্বেও সেনাবাহিনী এখনো কাগজে-কলমে ও বাস্তবে দেশটির গুরুত্বপূর্ণ কিছু দপ্তরের দায়িত্বে আছে, যার মধ্যে নিরাপত্তা উল্লেখযোগ্য। কিন্তু যে নেতা নিজের কথা ও নৈতিকতা দিয়ে ওপরে উঠেছেন, তাঁর উচিত মানবাধিকারের মতো উদ্দেশ্যে এটা কাজে লাগানো, তাঁর যেটার শিরোমণি হওয়ার কথা। এটা তাঁর করতে পারা উচিত। তিনি বর্মি জনগণের মতামত গঠন করতে পারেন, সেটা দিয়ে তিনি সেনাবাহিনীর ভূমিকা হ্রাস করতে পারেন।
সেনাবাহিনীর ওপর চাপ প্রয়োগের পথ খুঁজতে হবে। এ লক্ষ্যে ব্রিটিশ সেনাবাহিনী কর্তৃক মিয়ানমার সেনাবাহিনীর প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া গেলে প্রথম পদক্ষেপ হিসেবে এটি ভালোই হবে।
রোহিঙ্গাদের রক্ষা করা সু চির নৈতিক কর্তব্য, কিন্তু তিনি সেটা এড়িয়ে যাচ্ছেন। তিনি এই সমস্যার ছোট এক অংশ, যার সমাধান এখনো অনেক দূরে।
গত ৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ানে এই সম্পাদকীয়টি ছাপা হয়