দায় পরিশোধের জন্য হল-মার্ককে সোনালী ব্যাংকের চিঠি
ব্যাংক খাতে সবচেয়ে বড় ও বিতর্কিত জালিয়াতির ঘটনার মূল হোতা হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে দায় পরিশোধে চিঠি দিয়েছে সোনালী ব্যাংক।তবে ব্যাংক কর্তৃপক্ষ এই চিঠি কারাগারে আটক তানভীরের কাছে পাঠায়নি। পাঠিয়েছে, তাঁর সাভার হেমায়েতপুরের নন্দখালী তেঁতুলঝোড়ায় হল-মার্কের কারখানা ও পশ্চিম কাফরুলের তালতলার ২০৫/৪ বেগম রোকেয়া সরণির ঠিকানায়।ব্যাংক কর্তৃপক্ষ বলছে, হল-মার্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ওই সব ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হল-মার্ক নিয়ে তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, পরবর্তী সময়ে আইনি সাহায্য পেতে তানভীর আদালতে বলতে পারবেন, তিনি ব্যাংকের কোনো চিঠি পাননি। এটা ব্যাংক ও দুদক উভয় পক্ষের মামলার ক্ষতি করতে পারে।দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ব্যাংক যদি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তানভীরের বিভিন্ন ঠিকানায় চিঠি পাঠায়, তাহলে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষকে তানভীরের কাছেও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চিঠি পাঠাতে হবে। জানতে চাইলে সোনালী ব্যাংকের এমডি প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, চিঠিটা শাখা পর্যায় থেকে দেওয়া হয়েছে। ফলে শাখা ভালো বলতে পারবে। তিনি বলেন, ‘তবে আমার মনে হয় আইনি ব্যবস্থা নেওয়ার আগে এ ধরনের চিঠি দেওয়া হয়ে থাকে। এ ক্ষেত্রে সেটা হয়ে থাকতে পারে।’গত বছরের ৭ অক্টোবর সাভার থেকে তানভীর ও হল-মার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদকে গ্রেপ্তার করে দুদক। বর্তমানে তানভীর কারাগারে আছেন।গত ১৭ জুন পাঠানো চিঠির সঙ্গে হল-মার্ক গ্রুপের দায়দেনার তথ্যও দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সে হিসেবে হল-মার্ক গ্রুপের ২১টি প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে মোট ফান্ডেড দায় এক হাজার ৬৯২ কোটি ৭৫ লাখ টাকা। নন-ফান্ডেড দায় ৮৬১ কোটি ৫৮ লাখ টাকা। সব মিলিয়ে সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখায় হল-মার্ক গ্রুপের মোট দেনা দুই হাজার ৫৫৪ কোটি ৩৩ লাখ টাকা।ব্যাংক থেকে আত্মসাৎ করা টাকার অঙ্ক কমবেশি হওয়া প্রসঙ্গে সোনালী ব্যাংকের এমডি প্রদীপ কুমার বলেন, কিছু রপ্তানি আয় ইতিমধ্যেই প্রত্যাবাসন হয়েছে। আর কিছু নন-ফান্ডেড (এলসি বা গ্যারান্টি) দায় এখন ফান্ডেড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি: দুদক গতকাল বাংলাদেশ ব্যাংকের কাছে হল-মার্ক গ্রুপের সব ধরনের ব্যাংক হিসাব বন্ধের জন্য আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। গত ২৭ জুন আদালত হল-মার্ক গ্রুপের ২৬০টি ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দেন। সেই সূত্রে এ চিঠি পাঠায় দুদক। ২২টি ব্যাংকে করা ২৬০টি ব্যাংক হিসাবে মাত্র ৩০ কোটি টাকা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে এইচএসবিসিতে সাতটি, ইস্টার্ন ব্যাংক লিমিটেডে দুটি, আরব বাংলাদেশ ব্যাংকে তিনটি, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে ১০টি, ওয়ান ব্যাংকে একটি, ব্র্যাক ব্যাংকে চারটি, সিটি ব্যাংকে পাঁচটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে একটি, ঢাকা ব্যাংকে ১২২টি, ন্যাশনাল ব্যাংকে ২৫টি, ডাচ্-বাংলা ব্যাংকে ১৩টি, মার্কেন্টাইল ব্যাংকে চারটি, প্রিমিয়ার ব্যাংকে তিনটি, অগ্রণী ব্যাংকে একটি, সোনালী ব্যাংকে ২৯টি, প্রাইম ব্যাংকে দুটি, জনতা ব্যাংকে ১৪টি, ইসলামী ব্যাংকে আটটি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে দুটি, যমুনা ব্যাংকে দুটি, সাউথইস্ট ব্যাংকে একটি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সে একটি হিসাব রয়েছে।