বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় আল আমিন (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আল আমিনের স্ত্রীর প্রথম স্বামীর ছেলে মিজানুর রহমান (২২) হত্যার দায় স্বীকার করে বরগুনা থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে মিজানুরের মা শিউলী বেগমকেও রাতে পুলিশ গ্রেপ্তার করে।আল আমিনের পরিবার ও বরগুনা থানা সূত্রে জানা যায়, বরগুনা শহরের বড়ইতলা গ্রামের আবদুস সোবহানের ছেলে আল আমিন মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের শ্বশুরবাড়িতে যান। সেখানে তাঁর স্ত্রী শিউলী বেগমের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে মারধর শুরু করলে শিউলীর প্রথম স্বামীর ছেলে মিজানুর তাতে বাধা দেন। এতে আল আমিন আরও উত্তেজিত হলে মিজানুর তাঁকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এর ফলে আল আমিন গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় শ্বশুরবাড়ির লোকজন দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মিজানুর বরগুনা থানায় হাজির হয়ে হত্যার দায় স্বীকার করেন। মিজানুর মঙ্গলবার রাতে বরগুনা থানাহাজতে বসে বলেন, দীর্ঘদিন ধরে আল আমিন তাঁর মা ও নানিকে অত্যাচার করছিলেন। ঘটনার দিন তাঁর মাকে বেদম মারধর করার সময় তিনি ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেন।বরগুন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ফকির বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে এবং হত্যাকারী থানায় এসে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।