দায় স্বীকার করে আদালতে জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় গত ২৬ নভেম্বর একটি বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন।
জোরারগঞ্জ থানার পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিমের আদালতে ছাত্রদলের নেতা শাহাদাত বাসটিতে আগুন দেওয়ার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ জানায়, গত ২ ডিসেম্বর রাতে উপজেলার সোনাপাহাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়ার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন শাহাদাত হোসেন। গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাসে আগুন দেওয়ার দায় স্বীকার করেন। এ ছাড়া তাঁর সঙ্গে আরও পাঁচ সহযোগী ছিল বলে তিনি পুলিশকে জানান।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সত্য রঞ্জন বলেন, তদন্তে জানা গেছে ২৬ নভেম্বর রাতে বারইয়ারহাটে বাসে আগুন দেওয়ার সঙ্গে উপজেলা ছাত্রদলের আরও পাঁচ নেতা-কর্মী জড়িত ছিলেন।