দায় স্বীকার করে আদালতে জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের সব টাকা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদ্রাসাছাত্র জুনায়েদ মিয়াকে (১০) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সানাউল্লাহ মিয়া গতকাল সোমবার ওই হত্যার দায় স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে জবানবন্দি দিয়েছেন।
সানাউল্লাহ মিয়া (৩৫) সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের আইয়ুব আলীর ছেলে। গত রোববার রাতে জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ তাঁকে উপজেলা শহরের দেওয়ান হাবেলীপাড়ার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিঘর গ্রামের রফিকুল হকের ছেলে জুনায়েদকে উপজেলা শহরের আলীনগর জামিয়া ইসলামিয়া (কওমি) মাদ্রাসা এলাকা থেকে গত ১৩ সেপ্টেম্বর অপহরণ করা হয়। ওই দিন রাতে অপরণকারীরা মুঠোফোনে অপহরণের বিষয়টি তাঁর পরিবারকে জানিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন জুনায়েদের চাচা নাজমুল হক বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ২০ হাজার টাকা দেন। মুক্তিপণের সব টাকা না পেয়ে অপহরণকারীরা সন্ধ্যার পর জুনায়েদকে হত্যা করে।
পরদিন দুপুরে উপজেলার ধরন্তী এলাকার একটি বিল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর চাচা নাজমুল অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।
ডিবির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের পরিদর্শক মো. মইনুর রহমান বলেন, আজ (গতকাল সোমবার) সানাউল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিরাজুম্মনিরার আদালতে হাজির করা হয়। এ সময় সানাউল্লাহ মাদ্রাসাছাত্র জুনায়েদ মিয়াকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁকে গতকাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।