প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে চীনা ব্যবসায়ী চ্যাং হিং সংকে (৪৬) হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছে পুলিশ। মামলায় দুজনকে আসামি করা হয়েছে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। গতকাল চীনা দূতাবাসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মামলার অগ্রগতির খোঁজ নিয়েছে।
মামলায় এজাহারভুক্ত দুই আসামি হলেন নেত্রকোনা সদর উপজেলার নাজমুল হাসান ও তাঁর ভাইপো মুক্তাদির আহমেদ। নাজমুল ওই চীনা ব্যবসায়ীর দোভাষী ও একান্ত সহকারী হিসেবে কাজ করতেন।
তাঁরা বৃহস্পতিবার হত্যার দায় স্বীকার করে যশোরের জ্যেষ্ঠ বিচারিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন। তিনি বলেন, টাকা আত্মসাৎ করার জন্য লোহার পাইপ দিয়ে পিটিয়ে ও রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে চ্যাং হিং সংকে হত্যা করা হয়েছে।