চট্টগ্রাম নগরের গোসাইলডাঙার শিব মন্দিরের মূর্তি ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মো. শুক্কুর। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে তিনি জবানবন্দি দেন।
গত শনিবার রাতে গোসাইলডাঙার শিবালয় মন্দিরে ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটে। পরে রোববার বিকেলে শুক্কুর ওই মন্দিরে ত্রিশূল হাতে হাজির হয়ে ঘটনার দায় স্বীকার করেন। তখন সেখানে কর্তব্যরত পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়।
পুলিশ জানায়, জবানবন্দিতে শুক্কুর বলেছেন, শনিবার রাত তিনটার দিকে মন্দিরের আঙিনায় ঢুকে দুটি মূর্তি ভাঙচুর করেন তিনি। এ ঘটনার পেছনে কারও ইন্ধন কিংবা অর্থের জোগান ছিল না।
জানতে চাইলে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার বলেন, জবানবন্দির পর শুক্কুরকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্কুর নগরের আগ্রাবাদ দাইয়াপাড়া এলাকার বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব এলাকায়।
শিবালয় মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্য অজিত শীল প্রথম আলোকে বলেন, ‘জড়িত একজন স্বীকারোক্তি দিয়েছে। এখন আর কেউ আছে কি নেই সেটা প্রশাসন ভালো জানবে। তারা যেটা ভালো মনে করে, সেটাই করুক।’