দায় স্বীকার করে জেএমবি সদস্যের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে গ্রেপ্তার জেএমবি সদস্যদের গতকাল চট্টগ্রাম আদালতে হাজির করা হয় l ছবি: প্রথম আলো
হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে গ্রেপ্তার জেএমবি সদস্যদের গতকাল চট্টগ্রাম আদালতে হাজির করা হয় l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের আকবর টিলা এলাকায় ‘ল্যাংটা ফকিরের মাজারে’ জোড়া খুনের ঘটনায় অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায়ের খাসকামরায় জেএমবির সদস্য মো. সুজন ওরফে বাবু স্বীকারোক্তিমূলক এই জবানবন্দি দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, জবানবন্দিতে ‘ল্যাংটা ফকির’ রহমতউল্লাহ ও তাঁর খাদেম আবদুল কাদেরকে দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে খুন করার কথা স্বীকার করেছেন আসামি সুজন। গত ৪ সেপ্টেম্বর দুপুরে ‘ল্যাংটা ফকিরের মাজারে’ কথিত ফকির রহমতউল্লাহ ও তাঁর খাদেম আবদুল কাদেরকে খুন করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রথম আলোকে বলেন, জবানবন্দিতে সুজন উল্লেখ করেছেন, ফারদিন নামে তাঁর এক বড় ভাইয়ের নির্দেশে ‘ল্যাংটা ফকিরকে’ খুন করার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা বাস্তবায়ন করতে ঘটনার কয়েক দিন আগে বাইসাইকেল নিয়ে ‘ল্যাংটা ফকিরের মাজার’ ঘুরে আসেন সুজন। খুন করতে ৩০০ টাকা দিয়ে দা কেনেন তিনি। বড় ভাইয়ের কাছ থেকে ককটেল নেন। জুমার নামাজের সময় আকবর টিলায় গিয়ে ‘ফকিরকে’ ঘুমন্ত অবস্থায় পেয়ে দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা খাদেম জেগে উঠলে তাঁকেও কুপিয়ে হত্যা করা হয়। পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাঁকে ধাওয়া দিলে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পাশের পাহাড়ে লুকিয়ে থাকেন। ‘ল্যাংটা ফকিরের মাজারে’ ইসলামপরিপন্থী কাজ চলত বলে জবানবন্দিতে সুজন উল্লেখ করেছেন।
গত রবি ও সোমবার চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সুজনসহ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর মধ্যে কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকা থেকে গ্রেনেড, অস্ত্র-গুলি, বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় জেএমবি চট্টগ্রামের ‘সামরিক শাখার প্রধান’ জাবেদকে। গত মঙ্গলবার ভোরে জাবেদকে নিয়ে পুলিশ নগরের অনন্যা আবাসিক এলাকায় গ্রেনেড উদ্ধারে যায়। সেখানে সহযোগীদের ছোড়া ‘গ্রেনেড বিস্ফোরণে’ তাঁর মৃত্যু হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, গ্রেনেড বিস্ফোরণে জেএমবি চট্টগ্রাম অঞ্চলের সামরিক প্রধান জাবেদ নিহত হওয়ার ঘটনায় পুলিশের ওপর হামলা, হত্যা ও বিস্ফোরক আইনে ডিবির দুই এসআই বাদী হয়ে গত মঙ্গলবার রাতে বায়েজিদ বোস্তামী থানায় পৃথক দুটি মামলা করেছেন। দুটি মামলায় অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
খোয়াজনগর এলাকা থেকে গ্রেনেডসহ অস্ত্র-গুলি উদ্ধার এবং জাবেদ নিহত হওয়ার ঘটনায় পৃথক পাঁচটি মামলা করেছে নগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে খোয়াজনগর থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে তিনটি মামলা হয়েছে। তিন মামলায় আসামি করা হয়েছে জেএমবির সদস্য ফুয়াদ, খোকন, কাজল ও সুজনকে। গত রোববার ও সোমবার পুলিশের অভিযানে গ্রেপ্তার হন তাঁরা। তিনটি মামলাতেই পলাতক আসামি করা হয়েছে পিয়াস ও ফারদিন নামে জেএমবির আরও দুই নেতাকে। ডিবির উপপরিদর্শক (এসআই) আফতাব হোসেন বাদী হয়ে তিনটি মামলা করেন।
গ্রেপ্তার চার আসামিকে গতকাল বিকেলে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে হাজির করা হয়। এর আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। চার আসামিকে কর্ণফুলী থানার তিন মামলায় চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে সদরঘাট থানার ছিনতাইয়ের মামলায় চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভূঁইয়ার আদালতে চার আসামিকে হাজির করা হয়। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য রেখেছেন।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা গতকাল রাত আটটায় প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তার জেএমবি সদস্যরা গত ২৩ সেপ্টেম্বর সদরঘাট এলাকায় ছিনতাইয়ের ঘটনায়ও জড়িত। ওই ঘটনায় দুই ছিনতাইকারীসহ তিনজন খুন হন। এর মধ্যে নিহত এক ছিনতাইকারী রফিকের ভাই হলেন গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্য খোকন ও কাজল।

আরও পড়ুন: