নরসিংদীর চিনিশপুরে সুজন সাহা (৩৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এ ঘটনায় গ্রেপ্তার তামজিদ আহমেদ (১৮)।
গত বুধবার রাতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে চিনিশপুর কালীমন্দিরের পাশে স্ত্রী অদিতির সামনে সুজনকে কুপিয়ে হত্যা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়,হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে সুজন সাহার স্ত্রী অদিতি সাহার বন্ধু তামজিদকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহীনা আক্তারের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
তামজিদের বাড়ি নরসিংদী শহরের ভেলানগর মহল্লায়। তামজিদের স্বীকারোক্তি অনুযায়ী রক্তমাখা কাপড় ও হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুপণ কুমার সরকার ও মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই তাপস কান্তি রায় বলেন, মামলার তদন্ত করতে গিয়ে মুঠোফোনের একটি খুদে বার্তার সূত্র ধরে শুক্রবার রাতে আটক করা হয় তামজিদকে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তামজিদ পুলিশকে জানান, অদিতি সাহার সঙ্গে তাঁর প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। পরিবার তাঁদের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি। একপর্যায়ে পাঁচ মাস আগে পারিবারিকভাবে সুজন সাহার সঙ্গে অদিতির বিয়ে হয়। বিয়ের পরও তাঁর সঙ্গে ফোনে অদিতির যোগাযোগ ছিল। একপর্যায়ে বিষয়টি সুজন ও তাঁর পরিবারের লোকজনের চোখে ধরা পড়ে যায়। এ নিয়ে সুজন স্ত্রীকে শাসান। এতে তিনি (তামজিদ) ক্ষিপ্ত হন। ঘটনার দিন অদিতি স্বামীকে নিয়ে নরসিংদীতে তাঁর বাবার বাড়িতে যাচ্ছিলেন। বিষয়টি অদিতি খুদে বার্তার মাধ্যমে তাঁকে জানিয়ে দেন। এ তথ্য পেয়ে তিনি বাসা থেকে চাপাতি নিয়ে সাদা গেঞ্জিতে পেঁচিয়ে ঘটনাস্থলে অপেক্ষা করতে থাকেন। চিনিশপুর কালীমন্দিরের কাছে পৌঁছালে তিনি সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।
পুলিশের এই দুই কর্মকর্তা জানান, তামজিদ আদালতে দেওয়া জবানবন্দিতেও এসব কথা স্বীকার করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়দুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তামজিদকে গ্রেপ্তার করা হয়েছে।