আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র মো. কফিলউদ্দিন হত্যার দায় স্বীকার করে গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তাঁর বন্ধু ও মামলার আসামি জাহেদ মাহমুদ। চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হকের আদালতে জাহেদ এ জবানবন্দি দেন।জবানবন্দিতে জাহেদ বলেন, ‘কফিলউদ্দিন আমার নতুন বন্ধু। মাস খানেক আগে আমার সঙ্গে তার পরিচয় হয়। তার কাছে সুন্দর একটি ল্যাপটপ ছিল। সেটার প্রতি আমার লোভ হয়। কফিল আমাকে একটি ফাস্টফুডের দোকানে খাওয়ানোর আবদার করে। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় আমি ও কফিল একসঙ্গে খাওয়াদাওয়া করি।’হত্যার বর্ণনা দিয়ে জাহেদ জবানবন্দিতে আরও বলেন, ‘গল্প করার জন্য আমরা বিশ্ব মসজিদের (জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ) দক্ষিণে পাহাড়ের ঢালে বসি। গল্পের একপর্যায়ে আমি কফিলের গলা আমার ডান হাত দিয়ে জড়িয়ে ধরি। ১০-১২ মিনিট ধরে জোরে চেপে ধরার একপর্যায়ে নড়াচড়া বন্ধ হলে তাকে ছেড়ে দিই। পরে আমার থলেতে থাকা অ্যান্টিকাটার (কাগজ কাটার ধারালো ছুরি) দিয়ে তার ডান হাতের রগ ও গলার বাঁ দিকে কেটে দিই।’প্রসঙ্গত, কফিলের লাশ ১৯ ডিসেম্বর সকালে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের দক্ষিণ পাশে পাহাড়ের ঢাল থেকে উদ্ধার করা হয়। গত শনিবার রাতে জাহেদকে গ্রেপ্তার করে পুলিশ।