দায় স্বীকার করে যুবদল কর্মীর জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে দুজনের মৃত্যুর ঘটনায় আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসরাত জাহান নাছিরনের আদালতে জবানবন্দি দেন আসামি এমরান হাছান (২৮)।
পুলিশ জানিয়েছে, জবানবন্দিতে এমরান নিজেকে যুবদল কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর বাড়ি হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে।
তবে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু তা অস্বীকার করেছেন। তাঁর বাড়িও হাটহাজারীতে।
৪ মার্চ রাতে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কের চারিয়া বুড়িপুকুরপাড় এলাকায় অটোরিকশায় পেট্রলবোমা হামলায় দগ্ধ হন চালক সাবের আহমেদ ও যাত্রী রণজিৎ নাথ। পরদিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান রণজিৎ। গত মঙ্গলবার মারা যান সাবের আহমেদ। এ ঘটনায় হাটহাজারী থানার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে জানান, এমরান অটোরিকশায় পেট্রলবোমা ছুড়ে মারার কথা স্বীকার করেছেন জবানবন্দিতে।
এর আগে গত সোমবার পেট্রলবোমা হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন ইকবাল হোসেন ও রবিউল হোসেন নামের দুই যুবক।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুই আসামির জবানবন্দিতে নাম আসায় হাটহাজারীর মির্জাপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে এমরান হাছানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পেট্রলবোমা ছুড়ে মারার কথা স্বীকার করেন। পরে তাঁকে আদালতে পাঠানো হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও ঘটনার দায় স্বীকার করে জড়িত ব্যক্তিদের নাম বলেন। তদন্তের স্বার্থে সবার নাম প্রকাশ করা হচ্ছে না।