দায়দেনা সমন্বয়ের জন্য ভুয়া প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন প্রকল্পের কোনো নামগন্ধ নেই। প্রকল্পের সভাপতিরাও জানেন না কাজের কথা। অথচ তাঁদের নামে তিন লাখ টাকা ইস্যু করা হয়েছে। ওই টাকা তুলেছেন উপজেলা প্রশাসনের এক অফিস সহকারী। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলায় গত জুন মাসে।
ওই অফিস সহকারীর নাম কামাল হোসেন। চেক ভাঙানোর কথা স্বীকার করে তিনি প্রথম আলোকে বলেন, ‘অফিসের বিভিন্ন খাতে দায়দেনা ছিল। ওই টাকা তুলে সেই দায়দেনা শোধ করা হয়েছে।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল উপজেলার মাসিক সাধারণ সভায় রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় তিনটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্প তিনটি হলো গাজনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নলকূপ স্থাপন। এ কাজে এক লাখ টাকা বরাদ্দ রেখে প্রকল্পের সভাপতি করা হয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী মোল্লাকে। দ্বিতীয়টি হলো উপজেলার বিভিন্ন স্থানে অগভীর নলকূপ স্থাপন। এ কাজে এক লাখ টাকা বরাদ্দ করে প্রকল্পের সভাপতি করা হয় নওপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহমানকে। তৃতীয় কাজটি হলো উপজেলার বিভিন্ন স্থানে পাইপ-কালভার্ট স্থাপন। এ কাজেও এক লাখ টাকা বরাদ্দ রেখে প্রকল্পের সভাপতি করা হয় সদর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বিল্লাল খানকে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ওই তিনটি প্রকল্পের প্রাক্কলন তৈরি না করে এবং কোনো বিল ভাউচার ছাড়াই ও পরিমাপ বইতে (এমবিতে) বিল না দেখিয়ে সরাসরি তিনটি প্রকল্পের সভাপতির নামে তিনটি চেক ইস্যু করা হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সই করেন। ওই চেক উপজেলা পরিষদের সোনালী ব্যাংকের শাখা থেকে উত্তোলন করেন অফিস সহকারী কামাল হোসেন।
একটি প্রকল্পের সভাপতি আবদুর রহমান বলেন, ‘কে আমাকে কাজ দিয়েছে, আমি জানি না। এ কাজ নেওয়া হয়েছে বা বাস্তবায়ন হয়েছে কি না, এ বিষয়েও আমার কোনো ধারণা নেই।’ একই কথা বলেন আরেকটি প্রকল্পের সভাপতি মো. বিল্লাল খান।
ভুয়া প্রকল্পের ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা বলেন, ‘ইউএনও স্বাক্ষর দেওয়ার পর আমি বিলে স্বাক্ষর দিই। তাই বিষয়টি খতিয়ে না দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’
ইউএনও সাজিয়া জামান বলেন, ‘বিষয়টি আমার নলেজে নেই।’