দায়বদ্ধতা থেকে লেখালেখি করে যাচ্ছেন তিনি

ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধসহ নানা বিষয় নিয়ে নিরলসভাবে গবেষণা ও লেখালেখি করে যাচ্ছেন মুনতাসীর মামুন। তাঁর লেখা ইতিহাসের প্রামাণ্য দলিল। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্যও তিনি সংগ্রাম করে চলেছেন। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে ইতিহাসবিদ মুনতাসীর মামুনকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সাংস্কৃতিক কেন্দ্র হাটখোলা ও প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। আলোচক হিসেবে ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, কবি আসাদ মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন ও মহীবুল আজিজ। স্বাগত বক্তব্য দেন হাটখোলার সমন্বয়ক কবি ইউসুফ মোহাম্মদ।
ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, মুনতাসীর মামুন জীবন্ত কিংবদন্তি। তাঁর পরিমণ্ডল দেশের গণ্ডি ছাড়িয়ে গেছে। তিনি একজন সত্যিকারের গবেষক ও মানবিক মানুষ।
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, মুনতাসীর মামুন তাঁর জীবনের একটি মুহূর্তও অলসভাবে কাটান না। লেখালেখি ও গবেষণার পাশাপাশি নানা ধরনের সাংগঠনিক কাজের সঙ্গেও তিনি যুক্ত। গবেষণাধর্মী কাজের পাশাপাশি কলাম লিখছেন, একই সঙ্গে সাহিত্যচর্চা করছেন, রাজনীতিও করছেন। সবকিছু মিলিয়ে তাঁর দায়বদ্ধতার জায়গাটিও খুব দৃঢ়।
সংবর্ধনা অনুষ্ঠানে মুনতাসীর মামুন বলেন, শৈশব-কৈশোর চট্টগ্রামে কেটেছে বলে সুযোগ পেলেই এখানে ছুটে আসেন তিনি। নিজের প্রজন্মকে খুবই সৌভাগ্যবান উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাসের সঙ্গে তাঁর প্রজন্ম সরাসরি যুক্ত। সেই দায়বদ্ধতা থেকে লেখালেখি করে যাচ্ছেন। এই জীবনে কী করতে পেরেছেন, তার সালতামামি কখনো করেননি বলেও জানান তিনি।
আলোচনা সভা শেষে কবি আসাদ মান্নানের ‘একক কবিতাসন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রোতাদের স্বরচিত কবিতা পড়ে শোনান তিনি।