দায়মুক্তি পাওয়া অপর মামলাতেও আসামি হচ্ছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা। ট্রেড এপ্রেন্টিস পদে নিয়োগে দুর্নীতির ওই মামলায় গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগপত্র অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, অধিকতর তদন্তে ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র অনুমোদন দিয়েছে। এর ফলে এ মামলার এজাহারভুক্ত ৩০ জনই অভিযোগপত্রে আসামি হলেন।
গত সপ্তাহে আরও ছয়টি মামলায় মৃধার বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। মামলাগুলো গুডস সহকারী, সিনিয়র ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, কার্পেন্টার, শরীরচর্চা শিক্ষক, রেকর্ড সহকারী এবং কোর্ট ইন্সপেক্টর নিয়োগে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে করা। এসব মামলায় এজাহারভুক্ত আসামি হলেও প্রথমে তাঁকে দায়মুক্তি (অভিযোগপত্র থেকে অব্যাহতি) দিয়েছিল দুদক।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা মামলায় গত বছরের আগস্টে ঢাকার একটি আদালত মৃধাকে পাঁচ বছরের কারাদণ্ড, ১৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে রেলে নিয়োগে দুর্নীতির ছয়টি মামলায় মৃধার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে।