দায়মুক্তি পাওয়া সাতটি মামলায় মৃধার বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়মুক্তি পাওয়া দুর্নীতির সাত মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় অভিযোগপত্রগুলো জমা দেওয়া হয়।

দুর্নীতির সাতটি মামলা হলো রেলের গুডস সহকারী, সিনিয়র ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, কার্পেন্টার, রেকর্ডকিপার, ট্রেড অ্যাপ্রেন্টিস, শরীরচর্চা শিক্ষক এবং রেলওয়ের
আদালত পরিদর্শক পদে নিয়োগের মামলা।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহাম্মদ বলেন, অভিযোগপত্রগুলো গ্রহণের শুনানির জন্য এখনো তারিখ নির্ধারণ করা হয়নি। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর গত বছরের ৩ জানুয়ারি ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে করা সাত মামলার নথি অধিকতর তদন্তের জন্য দুদকে ফেরত পাঠান। এসব মামলায় মৃধাকে অব্যাহতির সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। ২০১৪ সালের জুন থেকে নভেম্বর মাসের মধ্যে ওই সাতটি মামলায় আদালতে দেওয়া অভিযোগপত্রে মৃধাকে বাদ দেওয়া হয়।

দুদকের আইনজীবী বলেন, এজাহারে নাম থাকলেও তদন্তে মৃধার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি বলা হয় অভিযোগপত্রে। সাতটি মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সমাজকল্যাণ কর্মকর্তা (বরখাস্ত) গোলাম কিবরিয়াসহ ঘুষ দেওয়া প্রার্থীদের আসামি করা হয়েছিল। কিন্তু নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন মৃধা।

২০১২ সালের ৯ এপ্রিল রাজধানীর পিলখানা থেকে টাকার বস্তাসহ আটক হন রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। পরে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। মৃধা পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক থাকার সময় রেলের ১৩টি পদে ১ হাজার ৬৯ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। তদন্ত শেষে মামলা হয় ১৩টি। ২০১২ সাল থেকে দুই বছর পলাতক ছিলেন মৃধা। ২০১৪ সালের ৩ মার্চ চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেন তিনি। জামিন আবেদন নামঞ্জুর হলে সেদিন থেকে তিনি কারাগারে রয়েছেন।

সাত মামলার মধ্যে তিনটির তদন্ত কর্মকর্তা আবদুল আজিজ ভূঁইয়া (বর্তমানে দুদক রাজশাহীর পরিচালক) গতকাল প্রথম আলোকে বলেন, রেলের গুডস সহকারী, সিনিয়র ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ও কার্পেন্টার পদে নিয়োগে দুর্নীতির মামলায় অধিকতর তদন্তে মৃধার জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এ কারণে তাঁর বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আবদুল আজিজ এর আগে দুদক চট্টগ্রামের পরিচালক ছিলেন।

অন্যদিকে রেলের রেকর্ড কিপার, ট্রেড অ্যাপ্রেনটিস, শরীরচর্চা শিক্ষক ও রেলওয়ের আদালত পরিদর্শক পদে নিয়োগের মামলায় গতকাল আদালতে মৃধার বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র জমা দেন দুদক চট্টগ্রামের উপপরিচালক সৈয়দ আহমেদ।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মৃধার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে মৃধার বিরুদ্ধে রেলে নিয়োগে দুর্নীতির আরও ছয়টি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।