দায়সারা মামলা, গাছাড়া তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় নিজেদের দায়ের করা মামলা তদন্তে কোনো গা নেই পুলিশের। ঘটনার তিন দিনেও বিশেষ কোনো তথ্য জানতে পারেনি পুলিশ। আর রিয়াজ রহমানকে গুলি করে গাড়ি পুড়িয়ে দেওয়া হলেও মামলার ধারায় হত্যার চেষ্টা অন্তর্ভুক্ত করা হয়নি।
গত মঙ্গলবার রাতে গুলশানে রিয়াজ রহমানকে গুলি করে ও তাঁর গাড়িটি পুড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত। তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল।
হামলার পরে পরিবারের পক্ষ থেকে মামলা না করায় গত বুধবার সন্ধ্যায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় রিয়াজ রহমানের ওপর পরিকল্পিতভাবে গুরুতর আঘাত করা, গাড়ি পুড়িয়ে দেওয়া, সম্পদ বিনষ্ট করার অভিযোগ আনা হয়েছে। গুলির ঘটনায় সাধারণত হত্যাচেষ্টার অভিযোগ আনা হলেও এ মামলায় সেই ধারাটি দেওয়া হয়নি।
মামলায় হত্যাচেষ্টার অভিযোগ না আনা প্রসঙ্গে জানতে চাইলে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুন ধরিয়ে গাড়ি পুড়িয়ে হত্যাচেষ্টার কথা বলা হয়েছে মামলায়। তাই হত্যাচেষ্টার (দণ্ডবিধির ৩০৭) ধারা দেওয়া হয়নি। তবে মামলায় দণ্ডবিধির ৪৩৫ ও ৪৩৭ ধারার অপরাধের কথা উল্লেখ করা হয়েছে।
দণ্ডবিধির ৪৩৫ ধারায় ‘এক শ টাকা পর্যন্ত কিংবা কৃষিজপণ্যের ক্ষেত্রে ১০ টাকা পর্যন্ত ক্ষতি সাধন করার উদ্দেশ্যে আগুন বা বিস্ফোরকদ্রব্য ব্যবহার করে অনিষ্ট সাধনে’র শাস্তির কথা বলা রয়েছে। সেখানে হত্যা বা হত্যাচেষ্টার কোনো উল্লেখ নেই। আর দণ্ডবিধির ৪৩৭ ধারায় যানবাহনের ক্ষতিসাধনে শাস্তির উল্লেখ রয়েছে।
ওসি বলেন, ‘তদন্ত চলছে। তবে এখনো উল্লেখ করার মতো কিছু মেলেনি।’
হামলার তৃতীয় দিনেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান এসআই পুষ্পেন দেবনাথ প্রথম আলোকে বলেন, মামলার তদন্তে পরিবারের কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। রিয়াজ রহমানের সঙ্গেও কথা বলা যায়নি। আর গাড়িচালকের কোনো খোঁজ মেলেনি।
রিয়াজ রহমানের মেয়ে আমেনা রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো বাবাকে নিয়েই ব্যস্ত। ওগুলো এখনো ভাবিনি। পুলিশ কী তদন্ত করছে তার কোনো খোঁজও নিইনি।’
শুধু থানা-পুলিশ নয়, র্যা ব বা গোয়েন্দা পুলিশের (ডিবি) মতো পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোও এই মামলার তদন্ত নিয়ে উৎসাহ দেখাচ্ছে না। গতকাল র্যা ব ও ডিবিতে যোগাযোগ করা হলে জানানো হয়, তারা বিষয়টি নিয়ে কাজ করছে না। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে।