দায়সারা মেরামত, কয়েক দিনেই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে দায়সারাভাবে মেরামত করা হয়েছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। তবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কটি একেবারে ভেঙেচুরে গেছে। এ কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে না পারায় যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। ঈদের আগে মহাসড়কটি দায়সারাভাবে মেরামত করা হয়। কিন্তু যানবাহনের চাপে সড়কটি কয়েক দিনেই আগের চেহারায় ফিরে আসে। আর গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থান ভেঙেচুরে একাকার হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে ডোবার সৃষ্টি হয়েছে। প্রচুর খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। প্রতিদিন সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার টানা বৃষ্টি হয়। বৃষ্টির কারণে মহাসড়কের টঙ্গী বাসস্ট্যান্ড এলাকা, চেরাগ আলী, গাজীপুর সদরের বোর্ডবাজার, মালেকের বাড়ি, ভোগড়া বাইপাস ও কোনাবাড়ী এলাকায় পানি জমে ডোবার সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ভেঙেচুরে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
গাজীপুর সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিংহ জানান, বৃষ্টির কারণে কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি কমলে ফের রাস্তার সংস্কারকাজ করা হবে।