দায়সারাভাবে ভোটার তালিকা হালনাগাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ভোটার তালিকা হালনাগাদের কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দায়সারাভাবে হালনাগাদ করায় বহু যোগ্য ব্যক্তি ভোটার হতে পারেননি। আবার অনেক মৃত ব্যক্তির নাম তালিকায় রয়ে গেছে। জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের পর্যাপ্ত তদারকের অভাবে এমনটা ঘটেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ।জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, গাজীপুর সদর উপজেলায় গত ১২ সেপ্টেম্বর ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়; শেষ হয় গত ১৯ ডিসেম্বর। ১২ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং ২৮ সেপ্টেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনকেন্দ্রে ছবি তোলা হয়। এ কাজে ৫১৬ জন তথ্য সংগ্রহকারী ও ১০৩ জন সুপারভাইজর নিয়োগ দেওয়া হয়। এই হালনাগাদকরণের মাধ্যমে ১ জানুয়ারি বয়স ১৮ বছর পূর্ণ হওয়া ব্যক্তিদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা ও মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার কথা। হালনাগাদকরণের জন্য প্রচার-প্রচারণায় নির্বাচন কমিশন থেকে প্রতিটি ইউনিয়নের জন্য পাঁচ হাজার ও পৌরসভার জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়।জেলার বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হওয়ার পরপরই অনিয়মের অভিযোগ ওঠে। বরাদ্দ থাকলেও পাঁচ উপজেলার কোথাও ভোটার তালিকা হালনাগাদ করার কথা জানিয়ে প্রচার-প্রচারণা চালানো হয়নি। হালনাগাদের কাজে নিয়োজিত ব্যক্তিরা বাড়ি বাড়ি না গিয়ে এলাকার ক্ষমতাসীন দলের নেতা-কর্মী বা গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে তালিকা করেছেন। কোথাও কোথাও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ভোটার হতে ইচ্ছুক ব্যক্তিদের একটি নির্দিষ্ট স্থানে জড়ো হতে বলা হয়েছে। যাঁরা সেখানে গেছেন, শুধু তাঁরাই ভোটার হতে পেরেছেন। এভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন হালনাগাদের কাজে নিয়োজিত ব্যক্তিরা। আবার এসব অনিয়মের বিষয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে একাধিকবার অভিযোগ গেলেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।গাজীপুর পৌরসভার বোরদা এলাকার বাসিন্দা আনিছুর রহমান (৫০) অভিযোগ করেন, তাঁর বাসায় তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজরদের কেউই আসেননি। এ কারণে তাঁর ছেলে প্রাপ্তবয়স্ক হলেও ভোটার হতে পারেননি। কালিয়াকৈর উপজেলার লতিফপুর গ্রামের আকরাম হোসেন জানান, হালনাগাদ কাজের জন্য তাঁর এলাকায় কোনো প্রচার-প্রচারণা শোন যায়নি।অভিযোগের বিষয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ‘ভোটার হতে না পারার বেশ কয়েকটি অভািযোগ পাওয়া গেছে। আমারা চেষ্টা করেছি সবাইকে ভোটার করতে।’ তিনি আরও বলেন, তথ্য সংগ্রহকারী ব্যক্তিরা বাড়ি বাড়ি না গিয়ে থাকলে এর দায় সংশ্লিষ্ট সুপারভাইজরদের।জেলা নির্বাচন কার্যালয়ের একটি সূত্র জানায়, নির্বাচন কমিশনের ২০০৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার সুপারভাইজর তথ্য সংগ্রহকারীদের কাজের তদারক করবেন। প্রথম পর্যায়ে তিনি তথ্য সংগ্রহকারীর তালিকা যাচাই করবেন। দ্বিতীয় পর্যায়ে তিনি পূরণ করা ফরমের কিছু অংশ বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন এবং কোনো ভুল ধরা পড়লে তা শুদ্ধ করবেন। নির্বাচন কমিশনের এ নিয়ম গাজীপুরের কোথাও মানা হয়নি।কালীগঞ্জ উপজেলার খঞ্জনা গ্রামের স্কুলশিক্ষক আরমান হোসেন অভিযোগ করেন, হালনাগাদের কাজে নিয়োজিত ব্যক্তিদের উদাসীনতায় তাঁর এলাকার অনেকেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন যে তালিকা প্রকাশ করেছি, সেটা খসড়া তালিকা। আগামী ফেব্রুয়ারি মাসে এটা চূড়ান্ত করা হবে। তাই কেউ বাদ পড়ে থাকলে বা কোনো মৃত ব্যক্তির নাম বাদ দিতে চাইলে ১৭ জানুয়ারির মধ্যে নিজ উপজেলায় আবেদন করতে হবে।’