দায়িত্ব আরও বেড়ে গেল: আসাদুজ্জামান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি
আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন বলেই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এর ফলে তাঁর দায়িত্ব অনেক বেড়ে গেল।
আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আজ সন্ধ্যা ছয়টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন। প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর আমন্ত্রণ পাওয়ায় আসাদুজ্জামানও শপথ নেবেন।
আসাদুজ্জামান খান বলেন, তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে যেকোনো সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নিয়েছেন। তিনি আশা করেন, প্রধানমন্ত্রী তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারবেন। গতকাল সোমবার রাত আটটা ১০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁকে ফোন করে শপথের জন্য প্রস্তুত থাকতে বলা হয়।