জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করলে অধিকার আপনা-আপনি বাস্তবায়িত হবে। অধিকার আদায়ে আমাদের আর সংগ্রাম করতে হবে না। “চলো চলো ঢাকা চলো”, “ঢাকা দখল করো”—এ ধরনের রাজনীতি করতে হবে না।’গতকাল শনিবার গাজীপুরে ভাওয়াল রাজবাড়ি মাঠে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি এবং স্টার ফ্রলিক ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন। মিজানুর রহমান বলেন, ‘আমরা সবাই অধিকার সম্পর্কে বেশি সচেতন। পান থেকে চুন খসলেই সমালোচনায় মুখর হয়ে উঠি। কাউকে ছাড় দিতে চাই না। কিন্তু দায়িত্ব ও কর্তব্য বাদ দিয়ে এককভাবে অধিকার প্রতিষ্ঠা করা যায় না। যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করলে আপনা-আপনি রাষ্ট্রই আমাদের অধিকার নিশ্চিত করবে। তাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে।’গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ফারুক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) উপপরিচালক আতিকুল ইসলাম পাঠান, গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সঞ্জীব কুমার দেবনাথ, গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আলীম উদ্দিন।এর আগে সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ আ ক ম মোজাম্মেল হক।