কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া বিএনপি-জামায়াতের পদবিধারী নেতাদের অবশেষে বাদ দেওয়া হয়েছে।
তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর শওকত হোসেন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার তালিকা পরিবর্তন করেছেন।
মীর শওকত হোসেন বলেন, শিক্ষক ও সরকারি কর্মচারী হিসেবে তাঁদের প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
দলীয় নেতা হিসেবে এসব শিক্ষক ও সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁদের বাদ দেওয়া হয়েছে।
জানা গেছে, প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামানকেও নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসার প্রভাষক। তাঁকে প্রিসাইডিং কর্মকর্তার পদ থেকে বাদ দেওয়া হয়েছে।
এ ছাড়া চকরিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পেকুয়া বিএমআই কলেজের প্রভাষক মো. ফখরুদ্দিন ফরায়েজীকে প্রিসাইডিং কর্মকর্তা, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি ও বটতলীয়া শফিকিয়া মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদীন, শিলখালী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও টৈটং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউছুফ, স্বাস্থ্য সহকারী ও শিলখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুল কবির, রাজাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বকশিয়াঘোনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমিজ এবং পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ফাঁসিয়াখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. ইমতিয়াজ উদ্দিনকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার পদ থেকে সরিয়ে দিয়ে নতুন তালিকা প্রণয়ন করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘প্রার্থীও প্রিসাইডিং কর্মকর্তা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।