দায়িত্ব নিতে এসে হাজতখানায় ওয়ার্ড সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত সদস্য আজহার মিয়াকে দায়িত্ব নিতে এসে যেতে হলো থানাহাজতে। আজ রোববার দুপুরে তিনি দায়িত্ব বুঝে নিতে প্রথম ইউনিয়ন পরিষদে এসেছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ১৮ মে রাতে শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর বাজার এলাকায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ফিরোজ মিয়া খাদেম (৮৩) নামের এক কৃষক খুন হন। এ ঘটনায় ১৯ মে রাতে ফিরোজ মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৬) বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা করেন। আজহার মিয়া ওই হত্যা মামলার ১৪ নম্বর আসামি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বর্তমানে মামলাটি তদন্ত করছে।


সিআইডি পুলিশের ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক ও ওই মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর প্রথম আলোকে বলেন, আজহার মিয়াকে আগামীকাল সোমবার আদালতে সোপর্দ করা হবে। এত দিন তাঁকে পাওয়া যায়নি।