চট্টগ্রাম সিটি করপোরেশনের চাহিদামতো একজন নতুন প্রধান প্রকৌশলী নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তিনি রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তাঁর নাম মো. জামাল উদ্দিন।কিন্তু হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে গতকাল মঙ্গলবার তিনি নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি। বর্তমান প্রধান প্রকৌশলী মো. মোখতার আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১০ জুলাই ওই পদে কোনো রদবদল আনার ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও এ কে এম শহীদুল হককে নিয়ে গঠিত একটি বেঞ্চ এই আদেশ দেন।মো. মোখতার আলম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী পদ নিয়ে হাইকোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে। তার ওপর ভিত্তি করে আমি আদালতের শরণাপন্ন হলে আদালত এই স্থগিতাদেশ দেন। এই অবস্থায় নতুন প্রধান প্রকৌশলী যোগ দেবেন, নাকি বর্তমান প্রকৌশলীই দায়িত্ব পালন করে যাবেন, সে সম্পর্কে দিকনির্দেশনা চেয়ে নগর কর্তৃপক্ষ গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা এ তথ্য দিয়েছেন। মো. সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি যেহেতু আইনসংক্রান্ত, তাই আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছেই পরামর্শ চেয়ে লিখে পাঠিয়েছি।’