দায়িত্ব নিলেন নতুন আইজিপি শহীদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ির ইঞ্জিন বন্ধ। ভেতরে বসে আছেন বিদায়ী পুলিশপ্রধান। গাড়ির সঙ্গে বাঁধা লম্বা রশি। নতুন পুলিশপ্রধানসহ পদস্থ সব কর্মকর্তা সেই রশি ধরে গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন সদর দপ্তরের ফটক পর্যন্ত। পুলিশ বাহিনীর নতুন মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক যোগদানের পর গতকাল বিকেলে এভাবেই রীতি মেনে বিদায় নিলেন সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা হাসান মাহমুদ খন্দকার।
মঙ্গলবার পুলিশের শীর্ষ পদে রদবদলের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হককে পুলিশপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। র্যা বপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের প্রধান বেনজীর আহমেদকে। একই আদেশে সিআইডির অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানকে পুলিশ সদর দপ্তরের আইজি প্রশাসন ও হাইওয়ে পুলিশের ডিআইজি আছাদুজ্জামান মিয়াকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার করা হয়। হাসান মাহমুদ খন্দকার ও র্যা বের বিদায়ী মহাপরিচালক মোখলেছুর রহমান স্বাভাবিক অবসরে যাচ্ছেন। মঙ্গলবার আদেশ জারির পর গতকাল বুধবার এ কে এম শহীদুল হক ও মোখলেসুর রহমান নতুন কর্মস্থলে যোগ দেন।
গতকাল সকালে দপ্তরে এসেই সবকিছু গুছিয়ে নেন হাসান মাহমুদ খন্দকার। নতুন আইজির হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি বলেন, ‘সব অর্জনের কৃতিত্ব পুলিশ বাহিনীর। নতুন নেতৃত্ব সেটা আরও এগিয়ে নিয়ে যাবে।’
হাসান মাহমুদকে বিদায় জানানোর পর পুলিশ সদর দপ্তর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শহীদুল হক। তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনস্বার্থ, জনশৃঙ্খলা এবং জননিরাপত্তা। এর জন্য যা যা দরকার তা করা হবে। এটাই আমার কাছে প্রথম চ্যালেঞ্জ।’
শহীদুল হক বলেন, সমাজ এগিয়েছে, মানুষ এগিয়েছে, কিন্তু পুলিশ সেভাবে এগোয়নি। গতানুগতিক পুলিশিং করার দিন নেই। এখন আধুনিক পুলিশিং শুরু করতে হবে।