দায়িত্ব নিলেন নৌবাহিনীর নতুন প্রধান
নৌবাহিনীর নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ গতকাল বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিবের স্থলাভিষিক্ত হলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি ভাইস অ্যাডমিরাল পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাঁর কার্যালয়ে দায়িত্ব গ্রহণের সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকে ভাইস অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে নৌ সদর দপ্তরে নবনিযুক্ত নৌপ্রধান কমান্ড হস্তান্তর বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি বিদায়ী নৌপ্রধান অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন।