দায়িত্ব নিলেন প্রথম মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম এ মান্নান গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে নগরের বঙ্গতাজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মেয়র এম এ মান্নান বলেন, সমস্যার গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে কাজে হাত দেওয়া হবে। বিশেষ করে যানজট, জলাবদ্ধতা, নর্দমা ব্যবস্থার উন্নয়ন ও রাস্তাঘাটের সমস্যা সবার আগে দূর করার চেষ্টা করা হবে। এম এ মান্নান সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। নবনির্বাচিত মেয়র আরও বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মোট দায় ৮১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৪৭ টাকা। আগামী এক বছর যে আয় হবে তা শুধু ঋণ পরিশোধ করতেই যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনশী শাহাবুদ্দীন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিটি করপোরেশনের বিদায়ী প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ কামাল, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান, পুলিশ সুপার মো. আবদুল বাতেন।অনুষ্ঠানে ৫৭ জন সাধারণ কাউন্সিলর ও ১৯ জন নারী কাউন্সিলর অংশ নেন। বিকেলে নগর ভবনে গিয়ে প্রশাসকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন মেয়র এম এ মান্নান।