দায়িত্ব নিলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে বিজিবির সঙ্গে চোরাকারবারির সংঘর্ষে নিহত দুই ব্যক্তির পরিবারকে নগদ অর্থ দেওয়ার পাশাপাশি ওই দুই পরিবারের সব রকম দায়িত্ব নিয়েছেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। গতকাল সোমবার দুপুরে বিরামপুর স্টেশন কলোনি পাড়ায় নিহত শাহিনের স্ত্রী মমতাজ বেগম এবং সুলতানের স্ত্রী হোসনে আরা বেগমকে ৫০ হাজার করে এক লাখ টাকা দেন সাংসদ।
গতকাল বেলা একটার দিকে পরিবার দুটিকে সমবেদনা জানাতে যান সাংসদ। এ সময় তিনি নিহত দুই ভায়রা ভাইয়ের স্ত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি নিহত দুজনকে নিজের ভাই হিসেবে পরিচয় দিয়ে বলেন, শাহিনের দুই সন্তান সুইটি আক্তার (৬), সিয়াম হোসেন (৩) এবং নিহত সুলাতের ১৩ দিনের মেয়ে সৃষ্টির লেখাপড়ার সব দায়িত্ব তাঁর। এ ছাড়া মমতাজ বেগম ও হোসনে আরার কর্মসংস্থানের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন। এর আগে সাংসদ বিরামপুর বিশেষ ক্যাম্পে বিজিবি ফুলবাড়ী ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলীর সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে বৈঠক করেন। গত ৩০ জুন বিরামপুর রেলস্টেশনের পাশে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে হোটেল ব্যবসায়ী শাহিন ও তাঁর ভায়রা ভাই সুলতান নিহত হন।