দায়িত্ব নিয়েই কথা বলেছি - মেয়র নাছির

‘৫ শতাংশ না দেওয়ায় বরাদ্দ কম পেয়েছি’—দায়িত্ব নিয়েই এ কথা বলেছেন বলে গতকাল শুক্রবার আবারও জানালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এই বক্তব্যের জন্য তাঁর কাছে প্রমাণ চেয়ে স্থানীয় সরকার বিভাগের দেওয়া চিঠির বিষয়ে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জবাব দেবেন তিনি।
গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ এক্স ক্যাডেটস আ্যাসোসিয়েশনের
চট্টগ্রাম শাখা আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মেয়র নাছির। ঘুষ চাওয়া নিয়ে তাঁর করা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ আছে কি না সাংবাদিকদের এ প্রশ্নে মেয়র বলেন, ‘সবই তো আছে। আমি কি রাস্তার লোক? আমি
দায়িত্ব নিয়েই কথা বলেছি এবং দায়িত্ব নিয়েই কথা বলব।’ কোন প্রকল্পে কোন মন্ত্রণালয়ের কোন যুগ্ম সচিব ৫ শতাংশ ঘুষ চেয়েছেন, তা জানতে চাইলে মেয়র বলেন, ‘এগুলো সব আমার চিঠিতে থাকবে।’
স্থানীয় সরকার বিভাগের চিঠির বিষয়ে চট্টগ্রামের মেয়র বলেন, ‘চিঠি দেওয়ার বিষয়টি জেনেছি। ব্যাখ্যা চেয়েছে আরকি? আমি আজ (শুক্রবার) সকালে ঢাকা থেকে ফিরেছি। আজ অফিস বন্ধ। কালও বন্ধ। খোলার দিন অফিসে যাব। গিয়ে দেখব। দেখে অফিশিয়ালি যেটি করার সেটি করব। সাত দিনের মধ্যেই জবাব দেব। এটি তো অফিশিয়াল নর্মস।’
মেয়র বলেন, ‘অন্য কিছু নিয়ে কেউ প্রশ্ন অবতারণা করলে, আমি মনে করি এ ধরনের অপরাধ কর্মকাণ্ড যারা করে তাদের রক্ষা বা আড়াল করা। অপরাধ যে করবে, সে অপরাধী। আমি করলে আমিও। আমিও আইনের ঊর্ধ্বে নই। অপরাধ যে করুক, কেউ আইনের ঊর্ধ্বে নয়।’
গত বুধবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। তিনি বলেন, ‘যদি ৫ শতাংশ করে দিতে পারতাম, তাহলে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা আনতে পারতাম।’ বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ হওয়ার পর এই বক্তব্যের পক্ষে প্রমাণ দেওয়ার অনুরোধ জানিয়ে গত বৃহস্পতিবার মেয়রকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
চিঠিতে কোন কর্মকর্তা কোথায় কখন ঘুষ দাবি করেছেন, কে কোথায় কখন পাজেরো জিপ চেয়েছেন, কোন প্রকল্পের অর্থছাড়ে কোন কর্মকর্তা জটিলতা সৃষ্টি করেছেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে উপযুক্ত প্রমাণ মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়। চট্টগ্রামের মেয়র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা অত্যন্ত ‘গুরুতর’ উল্লেখ করে আগামী সাত দিনের মধ্যে এসব প্রমাণ দাখিল করতে বলা হয়েছে।
এসব বিষয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আ জ ম নাছির বলেন, ‘আমি দায়িত্বশীল একজন লোক, দায়িত্বশীল পদে আছি। চট্টগ্রামের জনগণের দায়দায়িত্ব আমার। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আস্থায় নিয়েছেন। চট্টগ্রামের উন্নয়নের দায়িত্বভার উনার (প্রধানমন্ত্রী) নিজের। তাঁর পক্ষ হয়ে এই কাজগুলো (উন্নয়ন) করা। উন্নয়নটা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।’
প্রধানমন্ত্রী জীবনবাজি রেখে পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করছেন উল্লেখ করে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার সম্ভাবনা তৈরি করেছেন। এটিকে কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে, প্রধানমন্ত্রীর একজন নগণ্য কর্মী হিসেবে আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য আছে।’