দায়িত্ব নেওয়ার আগেই পৌর ভবন সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর শপথ নেওয়ার আগেই পৌর ভবন সংস্কারের নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার ভবনে রঙের কাজ শুরু হয়েছে।
পৌরসভার কর্মকর্তা সূত্রে জানা যায়, নবনির্বাচিত মেয়র গত সোমবার পৌরসভা কার্যালয়ে আসেন। তিনি পৌর ভবনের আসবাব ও শৌচাগার দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি পৌর ভবনটিতে রঙের কাজ, পুরোনো আসবাব ও শৌচাগারগুলোর ব্যবহারসামগ্রী (ফিটিংস) পাল্টানোর কথা সচিবের কাছে বলেন। সে সময় তিনি পৌর সচিবকে কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন। গতকাল সকাল থেকে ভবনে রঙের কাজ করানোর শুরু হয়েছে। এ ছাড়া পৌর সচিব আমিনুর রহমান সোমবার ও গতকাল ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে হাজিরা খাতায় অনুপস্থিত দেখিয়েছেন।
পৌর সচিব আমিনুর রহমান বলেন, ‘সঠিক সময়ে হাজির না হওয়ায় সোমবার দুই কর্মচারীকে অনুপস্থিত দেখানো হয়। একইভাবে মঙ্গলবার ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখানো হয়েছে।
পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বেলাল হোসেন বলেন, ‘আপাতত মেয়র স্যার নিজে টাকাপয়সা খরচ করছেন।’ আগেরবার নির্বাচিত বিএনপি-সমর্থিত মেয়র আলমগীর চৌধুরী এখনো দায়িত্ব হস্তান্তর করেননি। তিনি বলেন, মাহফুজ ক্ষমতাসীন দলের মেয়র বলেই এভাবে কাজ করাতে পারছেন।
গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘পৌর ভবনটি আধুনিকায়ন করতে বলা হয়েছে। এত দিন অনিয়মতান্ত্রিকভাবে পৌরসভা চলেছে। তাই ব্যক্তিগত উদ্যোগে কাজগুলো করাচ্ছি।’