দৈনিক আমাদের সময়-এর মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। তিনি বলেছেন, আমান, পিএইচপি ও ইউনিক গ্রুপ পত্রিকাটির দায়িত্ব নিয়েছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আমাদের সময়-এর প্রকাশক ও ব্যবস্থাপনা পর্ষদের পরিচিতি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নূর আলী এ কথা বলেন। নূর আলী বলেন, ‘আগের মালিক, সম্পাদক ও প্রকাশকের কাছ থেকে আমরা পত্রিকাটি কিনে নিই। এ ক্ষেত্রে শর্ত ছিল, পত্রিকার প্রচার ও মর্যাদা বাড়ানো এবং আর্থিক লোকসান না হওয়া। কিন্তু জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দেখা গেল, আট মাসে ১২ কোটি টাকা লোকসান হয়েছে।’নূর আলী আরও বলেন, ‘হঠাৎ করেই নাঈমুল ইসলাম খান উকিল নোটিশ দিলেন, আদালতে গেলেন। কিন্তু আমরা সাড়ে ১৫ কোটি টাকা দিয়েছি। ২০ কোটি টাকা দেওয়ার কথা ছিল। আমরা বলেছি, টাকা সমস্যা নয়। আলোচনার দ্বার উন্মুক্ত। হিসাব-নিকাশ করতে রাজি আছি।’প্রধানমন্ত্রীকে সম্বোধন করে নাঈমুল ইসলামের বিজ্ঞাপনের সমালোচনা করে নূর আলী বলেন, ‘এটা কী ধরনের সাংবাদিকতা? আমরা রাতের ঘুম নষ্ট করে যাঁদের টক শো শুনি, তাঁরা কীভাবে এ ধরনের কাজ করেন?’ সংবাদ সম্মেলনে আমাদের সময়-এর নতুন প্রকাশক এস এম বকস কল্লোল, নতুন ভিশন লিমিটেডের পরিচালক এম আমান উল্লাহ, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, নতুন নির্বাহী সম্পাদক আতাহার খান প্রমুখ উপস্থিত ছিলেন।তিনটি ব্যবসায়িক গ্রুপের স্বার্থের সঙ্গে সংবাদপত্রের মৌলিক স্বার্থের সংঘাত হলে কীভাবে মোকাবিলা করবেন—এ প্রশ্নের জবাবে প্রথম আলো ও ডেইলি স্টার-এর উদাহরণ টানেন নূর আলী। তিনি বলেন, ‘লতিফুর রহমান ওই দুটি পত্রিকার মালিক। কিন্তু কোনো হস্তক্ষেপ করেন না। উনি এ ক্ষেত্রে ভালো উদাহরণ হিসেবে সামনে আছেন।’আরেক প্রশ্নের জবাবে নূর আলী বলেন, ‘সাংবাদিক ও কর্মীদের চাকরির ভয় নেই। তবে দুই দিকে পা রাখা চলবে না। আমাদের এখানে থাকবেন কিন্তু আগের মালিকের সঙ্গে যোগাযোগ রাখবেন, এটা চলবে না।’