জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, সংসদও দুর্নীতির বাইরে নয়। স্পিকারের দায়িত্ব পাওয়ার পর সংসদের দুর্নীতি দেখে হতবাক হয়ে যাই। পরে সংসদে দুর্নীতি বন্ধ করার জন্য কমিটি গঠন করে বিভিন্ন উদ্যোগ নিই।স্পিকার গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিমিটেডের শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে এ কথা বলেন।স্পিকার বলেন, বর্তমানে সংসদে দুর্নীতি ৬০ ভাগ কমিয়ে এনেছি। দায়িত্ব থাকাকালে দুর্নীতি শতভাগ কমিয়ে আনতে পারব বলে আশা করি।আবদুল হামিদ বলেন, ‘দেশের প্রতিটি অঙ্গনে দুর্নীতি চেপে বসেছে। রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও সাংবাদিকেরা এর বাইরে নন। যে যেখানে সুযোগ পান, সেখানেই লুটপাট করে থাকেন। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’চ্যানেল আইয়ের যুগপূর্তি অনুষ্ঠানে: কিশোরগঞ্জ প্রেসক্লাব মুক্তমঞ্চে গতকাল শুক্রবার চ্যানেল আইয়ের যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্পিকার আবদুল হামিদ। এতে তিনি গণমাধ্যমকে আরও গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। আবদুল হামিদ বলেন, ‘মঞ্চে দাঁড়িয়ে শুধু মুখে কথা বলে নেতাকে খুশি করা এবং অনুপস্থিতিতে সেই নেতার সমালোচনা করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সামনে সমালোচনা করার সৎসাহস থাকতে হবে। সমাজ ও দেশের জন্য সত্য কথাটা বলতে হবে।’