তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান আলোকচিত্রী (চলতি দায়িত্ব) আবদুল করিম কোন কর্তৃত্ববলে দায়িত্ব পালন করছেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।সম্প্রতি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। একই সঙ্গে পারিশ্রমিক হিসেবে জাতীয় অর্থভান্ডার থেকে তাঁর নেওয়া অর্থ কেন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের সচিব, পিআইডির মুখ্য তথ্য কর্মকর্তা, জ্যেষ্ঠ উপমুখ্য কর্মকর্তা ও আবদুল করিমকে এ রুলের জবাব দিতে বলা হয়। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত বলে জানা গেছে।জানা যায়, ২০০৯ সালের ১ এপ্রিল প্রথম আলোতে ‘হঠাৎ বুঝতে পারলেন অবসরে যাওয়ার বয়স হয়নি; চাকরির মেয়াদ বাড়িয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়োগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটা সংযুক্ত করে গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী এম এ মান্নান ভূঁইয়া। রিট আবেদনে অভিযোগ—চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, তাঁর জন্মসাল ১৯৫০। সার্ভিস বুকে নিজে জন্মসাল ঘষামাজা করে ১৯৫০-এর স্থলে ১৯৫৬ লেখা হয়েছে। অথচ চাকরিকালে ১৯৫০ সালকে জন্মসাল দেখিয়ে গ্রেডেশন তালিকায় এসেছেন ও পদোন্নতি পেয়েছেন। এমনকি আয়কর রিটার্নের ঘরে তিনি (আবদুল করিম) নিজ হাতে লিখেছেন ১৯৫০। কিন্তু ২০০৭ সালে অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) শুরুর আগে বুঝতে পারলেন, অবসরে যাওয়ার মতো বয়স তাঁর হয়নি। ওই বছর এলপিআরের আগে আবদুল করিম বয়স সংশোধনের জন্য আবেদন করেন। এ আবেদনের সঙ্গে তিনি কুমিল্লা বোর্ডের কড়ইতলী হাইস্কুল থেকে এসএসসি পাস করার সনদ জমা দেন। এ সনদে তাঁর জন্মসাল ১৯৫৬ উল্লেখ রয়েছে। রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রুল জারি করেন। রুলের জবাব এসে পৌঁছেছে। তবে বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় এলে, রুলের ওপর চূড়ান্ত শুনানি শুরু হবে। যোগাযোগ করা হলে রিট আবেদনকারী আইনজীবী এম এ মান্নান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রুল জারি করেছেন। কোন ক্ষমতাবলে আবদুল করিম প্রধান আলোকচিত্রীর (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করছেন, তা জানতে চাওয়া হয়েছে। আদেশ হাতে পেয়েছি। তবে এখনো রুলের জবাব হাতে পাইনি।